সীমান্তে হত্যা বন্ধ না হলে নিউটনের তৃতীয় সূত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হত্যা বন্ধে ব্যাপক কূটনৈতিক তত্পরতা চালাবে। তবে কূটনৈতিক তত্পরতার পরও যদি এ হত্যাকাণ্ড অব্যাহত থাকে, তবে সরকার নিশ্চুপ বসে থাকবে না, পাল্টা গুলি চালাবে। আজ রাজধানীর ইস্কাটনে বিএম মিলনায়তনে বিবিসির বাংলাদেশ সংলাপে হান্নান শাহ এসব কথা বলেন।হান্নান শাহ বলেন, বিএসএফ বাংলাদেশের সঙ্গে যা করছে তা বন্ধু রাষ্ট্রের ওপর করা সম্ভব নয়। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তাদের সামনে হত্যা বন্ধে দুইটি পথ খোলা রয়েছে। এক. কূটনৈতিকভাবে হত্যা বন্ধ করা; দুই. সীমান্তে হত্যা বন্ধ না হলে নিউটনের তৃতীয় সূত্র অনুসরণ করা হবে। তৃতীয় সূত্র হলো, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সরকারের সমালোচনা করে এই বিএনপির নেতা বলেন, ‘এখন বিএসএফ শুধু হত্যাই করে যাচ্ছে, আর সরকার নিশ্চুপ হয়ে দেখছে। কিন্তু বিএনপি এটা করবে না। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে গুলি চালানো ছাড়া উপায় থাকবে না।’ওই সংলাপে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু হান্নান শাহের কাছে জানতে চান, বিএনপি ২০০১ সালের পর ক্ষমতায় ছিল, তারা ওই সময় কী পদক্ষেপ নিয়েছে? তিনি অভিযোগ করেন, ২০০১ সালের পর থেকে বিএসএফ এ কাজ করছে। কিন্তু বিএনপি তখন কী করেছে? সংলাপ সঞ্চালনা করেন আকবর হোসেন।