সীমান্তে হত্যা বন্ধে টহল জোরদারে বাংলাদেশ সম্মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর ও বিএসএফ বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা এবং সব ধরনের অপরাধমূলক তত্পরতা বন্ধে সমন্বিত টহল জোরদার করতে সম্মত হয়েছে। বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) মহাপরিচালক মেজর জেনারেল এম রফিকুল ইসলাম ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক রমন শ্রীবাস্তব ছয় দিনের বৈঠক শেষে আজ সোমবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান।পিলখানায় বিডিআর সদর দপ্তরে ছয় দিনের এ বৈঠকে বাংলাদেশের ২২ সদস্যের প্রতিনিধিদল আর ভারতের ২০ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।আজকের বৈঠকে দুই দেশের পক্ষ থেকে ‘যৌথ সম্মত বিবরণী’তে স্বাক্ষর করা হয়।বিডিআরের মহাপরিচালক বলেন, বাংলাদেশের পক্ষ থেকে দুটি বিষয়ে উদ্বেগের কথা জানানো হয়েছে। এর একটি হচ্ছে মাদক পাচার, অন্যটি সীমান্ত এলাকায় নিরপরাধ বাংলাদেশিদের হত্যা।এম রফিকুল ইসলাম জানান, বিএসএফ নিরপরাধ লোকজন হত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। বেশির ভাগ হত্যাকাণ্ড রাতের বেলা ঘটে থাকে বলে সীমান্ত এলাকার বাংলাদেশ অংশে রাতে কারফিউ দেওয়ার প্রস্তাব দেয় ভারত। তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনই কারফিউ জারি করা সম্ভব নয় বলে জানানো হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় রাতের বেলা লোকজনের চলাচল বন্ধে টহল জোরদার করা হবে। বিএসএফের প্রধান জানান, নারী ও শিশু পাচার, অস্ত্র পাচার এবং সীমান্তের এক অংশ থেকে অন্য অংশে অনুপ্রবেশের বিষয়ে উদ্বেগের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। রমন শ্রীবাস্তব বলেন, দুই পক্ষই সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধমূলক তত্পরতা বন্ধে সমন্বিত টহল জোরদার করতে রাজি হয়েছে।এক প্রশ্নের উত্তরে বিএসএফের প্রধান বলেন, ভারতীয় সীমান্তরক্ষীরা কাউকে গুলি করে হত্যা করে না। সীমান্ত এলাকায় যে প্রাণহানির ঘটনাগুলো ঘটে থাকে, সেগুলো হত্যা নয়, মৃত্যু বলা উচিত। কারণ যারা রাতের বেলা সীমান্তে অনুপ্রবেশ করে, তারা নানাভাবে সীমান্ত আইন লঙ্ঘন করে। বিএসএফকে তখন আত্মরক্ষার্থে গুলি ছুড়তে হয়। বিএসএফের হাতে যে পরিমাণ লোক মারা গেছে, এর অর্ধেক বাংলাদেশি নাগরিক, বাকিরা ভারতীয়।