সীমান্তে হত্যা বন্ধে দিল্লিকে ঢাকার চিঠি
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে নিরস্ত্র বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানিয়ে তা বন্ধে দিল্লিকে কার্যকর পদক্ষেপ নিতে বলেছে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আজ সোমবার তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সীমান্ত হত্যাকাণ্ড অমার্জনীয়। সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনা নিশ্চয় কারও কাম্য নয়।’পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সম্প্রতি সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি হত্যার বিষয়ে গতকাল রোববার ভারতের কাছে প্রতিবাদ জানিয়েছি।’ তিনি বলেন, ‘ভারতের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে সীমান্ত হত্যা বন্ধের আশ্বাস দেওয়া হয়েছে। সীমান্ত হত্যার সংখ্যা কমেছে। তবে আমরা চাই সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে। এ জন্য দুই পক্ষের ভূমিকা রয়েছে।’প্রসঙ্গত, চলতি মাসের প্রথম সপ্তাহে বিএসএফ চারজন বাংলাদেশিকে হত্যা করেছে। সীমান্তে বিএসএফের হাতে একের পর এক বাংলাদেশি হত্যার ঘটনা বাড়ছেই।