সীমান্তে হত্যা বন্ধে ভারতের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে নিরপরাধ বাংলাদেশি নাগরিকদের হত্যা পুরোপুরি বন্ধের আশ্বাস দিয়েছে ভারত। তবে সীমান্ত এলাকায় প্রাণহানির ঘটনা এড়াতে দেশটি বাংলাদেশের সহায়তা চেয়েছে।গতকাল বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের পর ভারতের স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাই সাংবাদিকদের কাছে তাঁর দেশের এ মনোভাব তুলে ধরেন। তিনি সাংবাদিকদের জানান, সম্প্রতি বাংলাদেশি কিশোরী হত্যার সঙ্গে জড়িত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।অন্যদিকে, বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার বলেন, ছিটমহল ও অপদখলীয় জমি হস্তান্তর এবং সাড়ে ছয় কিলোমিটার সীমানা চিহ্নিত করার ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে দীর্ঘদিনের অনিষ্পন্ন বিষয়গুলোর সুরাহা হতে যাচ্ছে।স্বরাষ্ট্রসচিব জানান, বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডিত দুই পলাতক আসামিকে ফেরত আনার ব্যাপারে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ ব্যাপারে ভারত ইতিবাচক মনোভাব দেখিয়েছে।দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের দুই দিনের বৈঠক গতকাল ঢাকায় শেষ হয়। এ বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্তের অমীমাংসিত সমস্যার সমাধান, সন্ত্রাসবাদ দমনসহ নিরাপত্তা খাতে সহযোগিতার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। সম্প্রতি কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে ফেলানী নামের বাংলাদেশের এক কিশোরী প্রাণ হারায়; বিশেষ করে, তার লাশ দীর্ঘ সময় সীমান্তের কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকার বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ প্রেক্ষাপটে বিএসএফের হাতে বাংলাদেশের লোকজনের প্রাণহানির বিষয়টি এবারের আলোচনায় প্রাধান্য পায়।আবদুস সোবহান শিকদার সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশের নাগরিকের প্রাণহানির ঘটনাকে ‘মর্মান্তিক’ হিসেবে অভিহিত করেন। তিনি জানান, সীমান্তে লোকজনকে দেখামাত্র গুলি না করে অন্য কোনো উপায় খুঁজে বের করা যায় কি না, এ ব্যাপারে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।জি কে পিল্লাই জানান, সীমান্ত হত্যা বন্ধের বিষয়টি বাংলাদেশ বৈঠকে উপস্থাপন করে। তিনি এ বিষয়ে বলেন, ‘আমি শুধু বলব, আমরা ওই ঘটনার (ফেলানী হত্যাকাণ্ড) জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। সীমান্তে হত্যা বন্ধের ব্যাপারে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে আমরা এটাও আশা করব, এ ব্যাপারে বাংলাদেশের জনগণ ও সীমান্তরক্ষী বাহিনী আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।’দুই প্রধানমন্ত্রীর বৈঠকে সিদ্ধান্তের পরও সীমান্ত হত্যাকাণ্ড না থামার কথা উল্লেখ করে শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত মাঠ পর্যন্ত পৌঁছায় কি না—ভারতীয় স্বরাষ্ট্রসচিবকে এ প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘২০০৯ সালে সীমান্তে ৫৫ জন বাংলাদেশি প্রাণ হারায়। আর গত বছর প্রাণহানির সংখ্যা ৩১-এ নেমে আসে। আমরা এ সংখ্যা শূন্যতে নামিয়ে আনতে চাই। সীমান্তে আর কোনো বাংলাদেশি প্রাণ হারাবে না।’ ফেলানীর হত্যাকাণ্ডের ব্যাপারে বিএসএফের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে ভারতীয় সচিব বলেন, ইতিমধ্যেই ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।জানা গেছে, গত ৭ জানুয়ারির ওই হত্যায় জড়িত থাকার অভিযোগে বিএসএফের এক সদস্যকে ওই এলাকা থেকে প্রত্যাহার করা হয়েছে।সীমান্তে হত্যা বন্ধে বাংলাদেশ বিকল্প পথ খোঁজার যে প্রস্তাব দিয়েছে, তাতে ভারত রাজি কি না, জানতে চাইলে সরাসরি জবাব এড়িয়ে পিল্লাই বলেন, ‘বিএসএফকে সীমান্তে অপরাধীদের দমনে কাজ করতে হয়। কাজেই কোনো দুষ্কৃতকারী যখন দা কিংবা ছুরির মতো ধারালো অস্ত্র নিয়ে বিএসএফের ওপর হামলা চালায়, তখন আত্মরক্ষার জন্য ব্যবস্থা নেওয়াটা তাদের জন্য অপরিহার্য।’সীমান্ত বিষয়ে অমীমাংসিত সমস্যা নিয়ে বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে উভয় স্বরাষ্ট্রসচিব দাবি করেন। আবদুস সোবহান শিকদার বলেন, শিগগিরই ছিটমহল এলাকায় শুমারি পরিচালিত হবে। এরপর ওই এলাকা যৌথ পরিদর্শনে যাবেন দুই দেশের কর্মকর্তারা। বাংলাদেশের সচিব জোর আশাবাদ প্রকাশ করে বলেন, ‘আগামী দু-এক মাসের মধ্যেই আমরা দুই শ বছরেরও আগের অমীমাংসিত সমস্যা সমাধানে মতৈক্যে পৌঁছাতে পারব। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন ঢাকা সফরের সময় এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসবে।’ তিনি জানান, সীমান্ত সমস্যা সমাধানের জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম আগামী দুই মাসের মধ্যে ঢাকা সফরে আসবেন।জি কে পিল্লাই জানান, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আগ্রহী। দুই পক্ষ সুবিধাজনক সময়ে তাঁর সফরের আয়োজন করবে।আবদুস সোবহান শিকদার বলেন, সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে ইন্টারপোলের জারি করা পরোয়ানা বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়েছে। এরই আলোকে বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামি ক্যাপ্টেন (অব.) মাজেদ ও রিসালদার মোসলেম উদ্দিনকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে সহযোগিতা চাওয়া হয়েছে। এ ব্যাপারে ভারত ইতিবাচক সাড়া দেবে বলে জানিয়েছে।