সীমান্তে হত্যা বন্ধে রাতে চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপে মতৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিরপরাধ বাংলাদেশিদের প্রাণহানি বন্ধ করতে এবার রাতের বেলা কিছু সীমান্ত এলাকায় লোকজনের চলাচল বন্ধ করার কথা ভাবছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। গতকাল বৃহস্পতিবার দিল্লিতে শেষ হওয়া দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকদের বৈঠকে এ বিষয়ে মতৈক্য হয়েছে। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম গতকাল সন্ধ্যায় দিল্লি থেকে টেলিফোনে প্রথম আলোকে এ তথ্য জানান।নয়াদিল্লিতে বিএসএফের সদর দপ্তরে ৭ মার্চ এ বৈঠক শুরু হয়। বৈঠকে সীমান্তে বিএসএফের হাতে নিরীহ বাংলাদেশিদের হত্যা বন্ধ করার বিষয়টি আলোচনায় এলে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে নিরীহ লোকজনের ওপর গুলি ছোড়া হবে না। বিডিআর জানিয়েছে, বিএসএফের গুলিতে বাংলাদেশ-ভারত সীমান্তে ২০০৯ সালে ৬৫ জন এবং এ বছরের ৮ মার্চ পর্যন্ত ১৩ জন প্রাণ হারান।বিডিআরের মহাপরিচালক জানান, তিনটি বিষয় আলোচনায় গুরুত্ব পেয়েছে। এগুলো হলো অপদখলীয় ভূমি, সীমান্তে গুলিবর্ষণ ও মাদক চোরাচালান।বিএসএফের সদস্যদের গুলিতে বাংলাদেশিদের হতাহত হওয়ার বিষয়টি তোলা হলে বিএসএফের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়, তারা আর সীমান্তে নিরীহ মানুষের ওপর গুলি ছুড়বে না। এ প্রসঙ্গে বিডিআরের মহাপরিচালক বলেন, ‘নিরীহ মানুষকে হত্যার বিষয়টি উদ্বেগজনক। আমাদের উভয় পক্ষকেই এ ব্যাপারে ভাবতে হবে। সীমান্তে নিরীহ বাংলাদেশিদের যাতে আর প্রাণ হারাতে না হয়, সে কারণে কিছু সীমান্তে রাতের বেলায় জনগণের চলাচল নিষিদ্ধ করার চিন্তাভাবনা করা হচ্ছে। আমরা এ বিষয়ে আলোচনা করেছি। বেশির ভাগ গুলিবর্ষণের ঘটনা রাতের বেলায় ঘটছে। রাতে লোকজন চলাচল না করলে প্রাণহানি ঘটবে না।’বিএসএফের প্রধানও নিরীহ বাংলাদেশি লোকজনের হত্যা বন্ধের বিষয়ে গুরুত্ব দিয়েছেন। যৌথ সংবাদ সম্মেলনে বিএসএফের মহাপরিচালক মেজর জেনারেল রমণ শ্রীবাস্তব বলেন, ‘নির্দোষ লোকজনের ওপর গুলি চালানোর কোনো যুক্তি নেই। সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা কোনো নিরীহ মানুষের ওপর গুলি ছুড়বে না—এ বিষয়টি নিশ্চিত করতে আমরা রাজি হয়েছি। সীমান্তে রাতে জারি করা কারফিউ যারা ভঙ্গ করবে, শুধু তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন।’ তিনি জানান, আলোচনার সময় বিএসএফের প্রধানের কাছে যৌথ সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ একটি পরিকল্পনার খসড়া দিয়েছে। বিএসএফ এ ব্যাপারে পরে তাদের মতামত জানাবে।বিচ্ছিন্নতাবাদী, সন্ত্রাসী ও পলাতক আসামিদের কোনো তালিকা বিনিময় হয়েছে কি না, জানতে চাইলে মইনুল ইসলাম বলেন, এবার আর কেউ কোনো তালিকা দেয়নি।বিডিআর-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে সিলেটের জৈন্তাপুর সীমান্তের সাম্প্রতিক উত্তেজনার বিষয়টি আলোচনায় ওঠে। সভায় বিএসএফের প্রধান জানান, অতীতে বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশের দায়ে কয়েকজন বিএসএফ সদস্যের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। সভায় দুই দেশ সিদ্ধান্ত নেয়, সীমান্তের বিরোধপূর্ণ ভূমির ব্যাপারে খুব দ্রুত একটি যৌথ জরিপ চালানো হবে। জরিপ শেষ না হওয়া পর্যন্ত কোনো পক্ষ বিরোধপূর্ণ ভূমিতে অনুপ্রবেশ করবে না।মইনুল ইসলামের উদ্দেশে শ্রীবাস্তব বলেন, বিএসএফের কয়েকজন সদস্যের সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়ার ঘটনা বিএসএফ কর্তৃপক্ষের নজরে এসেছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।এক দেশের সন্ত্রাসীদের অন্য দেশে আশ্রয় দেওয়ার বিষয়টিও আলোচনায় আসে। এ সময় বিডিআরের প্রধান বিএসএফের প্রধানকে এই বলে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের ভূখণ্ড কখনোই অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি বলেন, অন্য দেশের সন্ত্রাসীদের মদদ দেওয়ার মতো সময় ও সম্পদ বাংলাদেশের নেই। সম্প্রতি র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদের সদস্য বেলাল প্রসঙ্গে তিনি জানান, কান্দাহারে ভারতীয় বিমান ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।