সীমান্তে হত্যা সুসম্পর্কের প্রতিফলন নয়: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, সীমান্তে নিরপরাধ বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা ঘটতে থাকলে দুই দেশের মধ্যে যে চমত্কার সম্পর্ক রয়েছে, তার প্রতিফলন হয় না। তিনি সীমান্তে নিরপরাধ বাংলাদেশি হত্যা পুরোপুরি বন্ধের আহ্বান জানান। আজ শনিবার দুপুরে নিজ কার্যালয়ে দীপু মনি ভারতের সফররত স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ কথা বলেন। সীমান্তে বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা পুরোপুরি বন্ধের আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা চলতে থাকলে দুই দেশের মধ্যে যে চমত্কার সম্পর্ক রয়েছে, তাঁর প্রতিফলন ঘটে না। দীপু মনি নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে দুই দেশের সাম্প্রতিক সহযোগিতার ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এ ব্যাপারে ভারতের প্রতি বাংলাদেশের সহযোগিতা অব্যাহত থাকবে।চিদাম্বরম ঢাকা ছেড়েছেন: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম দুই দিনের সফর শেষে আজ রাতে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন। ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে তিনি দেশের পথে যাত্রা করেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিদাম্বরমকে বিদায় জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।