সীমান্তে হত্যায় জড়িতদের দণ্ডিত করার উদ্যোগ নিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী
২০০৯ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত সীমান্তে বিএসএফের গুলিতে ১৩৬ জন বাংলাদেশি নিহত হয়েছে। আহত হয়েছে ১৭০ জন। তবে সীমান্তে যাতে গোলাগুলি কমে আসে, সে জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত সরকার সীমান্তে নিরীহ মানুষ হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের দণ্ডিত করার উদ্যোগ নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে বিএনপির নিলুফার চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান।লিখিত ও মৌখিক উত্তর দেওয়ার জন্য নির্ধারিত প্রশ্ন ও উত্তর টেবিলে উত্থাপিত হয়। প্রশ্নোত্তর পর্বের আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেল চারটা ২০ মিনিটে দিনের কার্যক্রম শুরু হয়।জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০০৯ ও ২০১০ সালে বিভিন্ন অপরাধের কারণে তিন লাখ ২০ হাজার মামলা হয়েছে। একই সময়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুজনিত মামলার সংখ্যা চার হাজার ৬৮৫টি। শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে তিনি জানান, ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ আনুমানিক ১৪ কোটি টাকা।আওয়ামী লীগের মেহের আফরোজের প্রশ্নের জবাবে সাহারা খাতুন জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত দুই হাজার ৪৯৩ জন নারীকে পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে। একই দলের নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে ইভ টিজিং ও যৌন হয়রানির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ১৬০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ১২ জনকে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। এ সময় ইভ টিজিংয়ের জন্য সারা দেশে ৯১টি মামলা হয়েছে। জিডি হয়েছে ১৫০টি। আসামির সংখ্যা ৩৯০ জন। গ্রেপ্তার করা হয়েছে ২৬০ জন।বিএনপির রাশেদা বেগমের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানান, ভারতের সঙ্গে সমুদ্রবিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশ আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে তিনি জানান, আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের অধিকার সুনিশ্চিত করার জন্য এরই মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবীদের সমন্বয়ে প্যানেল গঠন করা হয়েছে।মোশতাক আহমেদ রুহির প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, আফ্রিকার বিভিন্ন দেশে চাষযোগ্য পতিত জমি লিজ নেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশি উদ্যোক্তারা আফ্রিকায় জমি লিজ নেওয়ার চেষ্টা করেছেন। গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৫৯টি কূটনৈতিক মিশন রয়েছে। আরও ১৯টি নতুন মিশন ও উপমিশন স্থাপনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।