সীমান্তে হাবিবুরের চেয়েও বেশি নির্যাতনের নজির রয়েছে: বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন বলেছেন, ভারতীয় সীমান্তের আটরশিয়ায় হাবিবুর রহমানের ওপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) যে নির্যাতন চালিয়েছে তার চেয়ে অনেক বেশি নির্যাতনের নজির রয়েছে। কিন্তু নির্যাতিত বা নিহতদের পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে তা বিজিবিকে জানানো হয় না। অনেকে নিখোঁজ হয়, গুম হয়—সে খবরও পাওয়া যায় না।আজ বৃহস্পতিবার বিজিবি ও সীমান্তের গরু ব্যবসায়ীদের মধ্যে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন আরও জানান, গরু নিয়ে আসতে হলে ভারতে না ঢুকে শূন্যরেখা থেকে গ্রহণ করে কাস্টমস করিডরের মাধ্যমে সরকারকে কর দিয়ে ব্যবস্থা করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও চায় বৈধ প্রক্রিয়া অনুসরণ করে গরু আসুক। এ জন্য সীমান্ত এলাকায় বিট পরিচালনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতিও দিয়ে থাকে। মতবিনিময় সভায় লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন আরও জানান, সম্প্রতি সীমান্তে বাংলাদেশিদের ওপর বিএসএফের হত্যা-নির্যাতন বেড়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে বিজিবি অনুপ্রবেশে আর ছাড় দেবে না। এ জন্য গরুর ব্যবসায়ীদেরও সহযোগিতা করতে হবে। সীমান্তে বিজিবির জনবলেরও ঘাটতি আছে।মতবিনিময় সভায় বক্তব্য দেন সীমান্ত এলাকার গরু ব্যবসায়ী ও মনাকষা ইউপি সদস্য সামিরুদ্দীন, মজিবুর রহমান, নজরুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ। এ ছাড়া আরও বক্তব্য দেন ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম। তিনি বলেন, ভারত থেকে গরুর পাশাপাশি মাদকদ্রব্য যেন না ঢোকে। মাদক প্রতিরোধে বিজিবি কঠোর ব্যবস্থা নেবে।