সীমান্তে ১৫৬টি বিওপি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে: মন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশ পুনর্গঠনের পর দেশের সীমান্ত এলাকায় ১৫৬টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) নতুনভাবে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।আজ সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ এম এ জব্বারের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সাহারা খাতুন আরও বলেন, ইতিমধ্যে ৪৬টি বিওপির প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। বাকি বিওপির অনুমোদন শিগগির দেওয়া হবে।জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএসএফ কর্তৃক সীমান্তবর্তী এলাকায় নিরীহ মানুষকে অন্যায়ভাবে হত্যার বিষয়ে বিজিবি এবং বিএসএফের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন পর্যায়ের বৈঠকে জোর প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া কূটনৈতিক পর্যায়েও এ ধরনের হত্যা বন্ধের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়।সম্প্রতি বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের বৈঠকে এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভারতীয় পক্ষ ওই সভায় দুঃখ প্রকাশ করেছে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে যে ভবিষ্যতে যাতে সীমান্তে আর নিরীহ মানুষ হত্যা না হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।সরকারি দলের সাংসদ মো. মনিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার চোরাচালানকারী গডফাদারদের তালিকা হালনাগাদ করার উদ্যোগ গ্রহণ করেছে।—বাসস।