সীমান্তে ১৬৭ জায়গায় কাঁটাতারের বেড়া দিতে চায় ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তির বাস্তবায়ন নিয়ে ভারতের পার্লামেন্টের আগামী অধিবেশনে আলোচনা হবে। এ ছাড়া সীমান্তে ১৬৭টি জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ভারত স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে প্রস্তাব দিয়েছে।আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এসব কথা জানান। গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দিল্লিতে বাংলাদেশ-ভারতের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আজ মন্ত্রীসভাকে অবহিত করেন।মন্ত্রিসভার বৈঠকে আরও জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মাজেদ, রিসালদার মোসলেহ উদ্দিনকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত বাংলাদেশকে সহায়তা করবে। সীমান্তে ১৬৭টি জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার প্রসঙ্গে ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ ব্যাপারে আগে যে প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, এবারও তা-ই করা হবে। ভারত সীমান্তে পিলার স্থাপনেরও প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতকে জানান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি দেখবে।এ ছাড়া মন্ত্রিসভায় আয়কর অধ্যাদেশ ১৯৮৪ সংস্কারের প্রস্তাব অনুমোদন হয়েছে। সংস্কার প্রস্তাবে বলা হয়েছে, রেডিও, টেলিভিশন বা চলচ্চিত্রের অনুষ্ঠানের প্রযোজকেরা (প্রোডিউসার) ১০ হাজার টাকার নিচে সম্মানী পেলে বা অনুষ্ঠান কিনলে তাঁদের আয়কর দিতে হবে না। মন্ত্রিপরিষদসচিব মোশাররাফ হোসেন ভূঁইয়া এ কথা জানান।