প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্গাপূজার বিজয় দশমীতে প্রতিবছরই পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার টাকির ইছামতী নদীতে দুই বাংলার দুর্গাপ্রতিমা বিসর্জন হয়ে থাকে। কিন্তু প্রশাসনের কড়াকড়িতে এ বছর দুই বাংলার মানুষ একসঙ্গে প্রতিমা বিসর্জন করতে পারেনি। বিসর্জনের মিলনমেলা থেকে পুলিশ অনুপ্রবেশকারী বাংলাদেশি সন্দেহে ৮৩ জনকে আটক করেছে। পুলিশ বলেছে, বসিরহাটের সীমান্তে বিসর্জন অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন এই বাংলাদেশিরা। তাঁরা আগেই ভারতে অনুপ্রবেশ করেছিলেন। ইছামতী নদীতে বিসর্জন অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁরা ওপারে (বাংলাদেশে) যেতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ ও বিএসএফ তাঁদের সেই সুযোগ দেয়নি। গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে আদালত তাঁদের ১৪ দিনের জেল হেফাজত দেন।