সীমান্তের ঘটনায় প্রতিবাদ করছি
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ‘সীমান্তে যা ঘটছে, তাতে আমরা খুশি নই। তাই আমরা সব সময় এসব ঘটনার প্রতিবাদ করছি।’আজ মঙ্গলবার রাজধানীর আইডিবি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় এনজিওদের ভূমিকা শীর্ষক সভায় ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির বাংলাদেশ সফরের কারণ সম্পর্কে জানতে চাইলে গওহর রিজভী বলেন, ‘এটা অত্যন্ত স্বাভাবিক সফর। আমরা দুই দেশ সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করছি। কাজেই বছরে একবার-দুইবার মন্ত্রীরা আসবেন যাবেন এটাই স্বাভাবিক। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও চলতি মাসেই হয়তো ভারতে যাবেন।’ প্রণব মুখার্জির বাংলাদেশ সফরের সময় দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে কথা হবে বলে তিনি জানান।তিস্তা চুক্তি এ সরকারের আমলে হবে কি না জানতে চাইলে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘আমি অন্তত আশাবাদী। তবে কবে নাগাদ হবে সে বিষয়ে কিছু বলতে পারছি না।’ এনজিও সম্পর্কে আলোচনা করতে গিয়ে গওহর রিজভী বলেন, এনজিওগুলোকে স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে। তাদের রাজনীতিতে জড়িয়ে পড়লে চলবে না। তাদের উপকারভোগীরা কী চায় তা বুঝতে হবে। গণতন্ত্র ও নাগরিক সমাজকে এক সঙ্গে থাকতে হবে। কারণ গণতন্ত্র না থাকলে নাগরিক সমাজ কাজ করতে পারবে না।এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক নুরুন্নবী তালুকদার বলেন, এনজিও করার উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা; নিজের পেট ভরা নয়। অনেকের ধারণা, এনজিও করলেই অনেক টাকার মালিক হওয়া যায়। যারা কাজ করতে চান, মানুষের বন্ধু হয়ে কাজ করুন। সরকার এনজিওদের জন্য নতুন আইন করছে। নিয়ন্ত্রণ নয়, মঙ্গলের জন্য এ আইন বলে তিনি মন্তব্য করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশের (এডাব) রোকেয়া কবীর।