সীমান্তের মানচিত্র আজ থেকে সই শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে চার হাজার ১৫৬ কিলোমিটার সীমানার ওপর তৈরি করা মানচিত্রে আজ শনিবার থেকে সই করা শুরু হচ্ছে। এর ফলে দুই নিকট প্রতিবেশী দেশের সীমানা রাজনৈতিকভাবে স্বীকৃত হলো। মানচিত্রে সইয়ের মাধ্যমে দুই দেশের সীমান্তরেখা নিয়ে সব ধরনের বিতর্কের অবসান ঘটতে যাচ্ছে।এ বিষয়ে জানতে চাইলে ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মান্নান গতকাল শুক্রবার সন্ধ্যায় ফোনে প্রথম আলোকে বলেন, ‘আজ শনিবার ভূমি জরিপ অধিদপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও ভূমি প্রতিমন্ত্রী রেজাউল করিম হীরার উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে দিল্লিতে নিযুক্ত হাইকমিশনার তারেক এ করিম এবং ভারতের পক্ষে ঢাকায় নিযুক্ত হাইকমিশনার রজিত মিত্তার সই করবেন।আবদুল মান্নান বলেন, দুই দেশের চার হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তের জন্য এক হাজার ১২৯টি স্ট্রিপ ম্যাপ (সূক্ষ্ম রেখাভিত্তিক মানচিত্র) তৈরি করা হয়েছে। প্রতিটি মানচিত্রের আটটি কপি করা হয়েছে। পর্যায়ক্রমে সব মানচিত্রে প্রথমে ঢাকায় ও পরে দিল্লিতে সই হবে। প্রথমে শনিবার থেকে ২৬ আগস্ট পর্যন্ত দুই হাইকমিশনার ঢাকায় মানচিত্রগুলোতে সই করবেন। এরপর তাঁরা দিল্লিতে ওই মানচিত্রগুলোতে সই করবেন।এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ গতরাতে এ প্রতিবেদককে বলেন, উপমহাদেশের বিভক্তির ৬৪ বছর পেরোনোর পর মানচিত্রগুলোতে সইয়ের মাধ্যমে সীমান্ত নিয়ে জটিলতা দূর হচ্ছে। ১৯৫৫ সালে এ মানচিত্র তৈরির কাজ শুরু হয়। আর এর প্রক্রিয়া চলে চলতি বছর পর্যন্ত।যুগ্ম সচিব জানান, এর আগে কারিগরি পর্যায়ে মানচিত্রে সই করা হয়েছিল। আর শনিবার থেকে শুরু হচ্ছে রাজনৈতিকভাবে সইয়ের প্রক্রিয়া। তিনি বলেন, এর মাধ্যমে সীমান্তরেখা নিয়ে দুই দেশের মধ্যে আর কোনো বিতর্ক কিংবা ভুল-বোঝাবুঝির সুযোগ থাকছে না।সীমান্ত-সমস্যা সমাধানের প্রক্রিয়ায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা বলেন, চুয়াত্তরের মুজিব-ইন্দিরা সীমান্ত চিহ্নিতকরণ চুক্তির ২ ধারা অনুযায়ী দুই দেশের পক্ষে প্রতিনিধি নিযুক্ত করে মানচিত্রগুলোতে সইয়ের বাধ্যবাধকতা রয়েছে।কামাল উদ্দিন আহমেদ আরও বলেন, অপদখলীয় জমি হস্তান্তর ও সাড়ে ছয় কিলোমিটার সীমানার ব্যাপারে ২২টি স্থানে মানচিত্র নির্ধারণ বাকি রয়েছে। এ ব্যাপারে আগামী ৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় দুই দেশ একটি চুক্তি সই করবে। ওই ২২টি স্থানের মানচিত্র তৈরির কাজ ২০১২ সালের জুনে শেষ হবে বলে চুক্তিতে উল্লেখ করা হবে।