সীমাবদ্ধতার ঊর্ধ্বে থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন সীমাবদ্ধতার ঊর্ধ্বে থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যেতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শনিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁকে দেওয়া সংবর্ধনায় প্রধান বিচারপতি এ আহ্বান জানান।প্রধান বিচারপতি বলেন, ‘সুবিধায় থাকুন আর অসুবিধায় থাকুন, আপনারা বিচারক। আমরা যে যেই অবস্থায় থাকি না কেন সেখান থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে হবে। একজন বিচারপ্রার্থী আদালতে আসেন ন্যায়বিচার পাওয়ার আশায়। কোনো কিছুতেই যেন ন্যায়বিচার ব্যাহত না হয়, এটা নিশ্চিত করতে হবে।’প্রধান বিচারপতি বলেন, বিচারক হিসেবে নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। এ ব্যাপারে অবহেলা ও গাফিলতির কোনো সুযোগ নেই। বিবেক ও নিজ নিজ ধর্মীয় অনুভূতির ওপর আস্থা রেখে নিজ দায়িত্ব পালন করতে হবে। বিচারকদের আসল কাজ ন্যায়বিচার করা। এ ব্যাপারে সজাগ থাকতে হবে।অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সদস্যরা তাঁদের কর্মস্থলে সমস্যা, পদোন্নতিসহ বিভিন্ন সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। জবাবে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ পৃথক করার পর ম্যাজিস্ট্রেসি আলাদা হলেও বিচার বিভাগের নিম্ন আদালতের জনবল, অবকাঠামো-সংকট এখনো নিরসন হয়নি। তিনি বলেন, এ সমস্যা শুধু মহিলা বিচারকদের নয়, সব বিচারকদেরই। এক দিনে এসব সমস্যা সমাধান হবে না। পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধান করা হবে।সপ্তাহের শেষ কর্মদিবসে বিচারকদের কর্মস্থল ত্যাগের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, ‘বৃহস্পতিবার কর্মস্থল ত্যাগ করেন। রোববার যোগ দেন। বিষয়টি শক্তভাবে তদারকি করতে হবে। এর কোনো বিকল্প নেই।’বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহা বলেন, সরকারি চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষার ব্যবস্থা রয়েছে। কিন্তু বিচার বিভাগের ক্ষেত্রে এটা নেই। নিম্ন আদালতের বিচারকদের পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি প্রবর্তনের চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে তিনি জানান।বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকার বিশেষ আদালতের বিচারক জেসমিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা বক্তব্য দেন।