সীমাবদ্ধতার মধ্যেও উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে নবীন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ২০০৯ সালে এই শিক্ষা বোর্ডের অধীনে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল বিশ্লেষণ করে দেখা যায়, নতুন বোর্ড হিসেবে নানা সীমাবদ্ধতার মধ্যেও দিন দিন উন্নতি করছে দিনাজপুর শিক্ষা বোর্ড।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৯ সালে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৫ দশমিক ৯০ ভাগ। পরের বছর ২০১০ সালে পাসের হার (৭৬ দশমিক ৫৪ ভাগ) বাড়লেও ২০১১ সালে তা নেমে যায় ৬৬ দশমিক ১৮ ভাগে। এবার পাসের হার ৭৫ দশমিক ৪১ ভাগ, যা গত বছরের চেয়ে ৯ দশমিক ২৩ ভাগ বেশি। অর্থাৎ শুরুর বছরের চেয়ে প্রতিবছরই ভালো ফল করেছে নতুন এই শিক্ষা বোর্ড। শুধু পাসের হারের দিক থেকে নয়, জিপিএ-৫ পাওয়ার দিক থেকেও দিন দিন উন্নতি করছে নবীন এই শিক্ষা বোর্ড। ২০০৯ সালে এই বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল এক হাজার ৩৮৮ জন। পরের বছর তা বেড়ে দাঁড়ায় এক হাজার ৮১৪ জনে। গত বছর এই সংখ্যা ছিল দুই হাজার ২৬০ জন। সব ছাপিয়ে এবার জিপিএ-৫ পাওয়ার কৃতিত্ব দেখিয়েছেন পাঁচ হাজার নয় জন। এ ছাড়া শুরুর বছরের পর এই বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় শত ভাগ শিক্ষার্থী পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দিন দিন বেড়েছে। ২০০৯ সালে শতভাগ পাস করার শিক্ষাপ্রতিষ্ঠান ছিল চারটি। পরের বছর পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করে। ২০১১ সালে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ায় ছয়টিতে। চলতি বছর তা দ্বিগুণ হয়েছে। অর্থাৎ এবার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। শুধু তা-ই নয়, শুরুর বছরে চেয়ে শতভাগ অকৃতকার্য হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে এই বোর্ডে। ২০০৯ সালে এই বোর্ডের আটটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেননি। এবার এই সংখ্যা কমে দাঁড়িয়েছে পাঁচটিতে। দিনাজপুর শিক্ষা বোর্ডের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বলেন, চার বছর ধরে ভাড়াবাড়িতে বোর্ডের কার্যক্রম চলছে। এখন পর্যন্ত বোর্ডের কম্পিউটার সেন্টার পর্যন্ত নেই। নেই দক্ষ জনবলও। তিনি বলেন, চলতি বছর বোর্ডের জন্য তিন একর জমি কেনা হয়েছে। নিজস্ব জমিতে অবকাঠামো গড়ে উঠলে ও নিজস্ব কম্পিউটার সেন্টার প্রতিষ্ঠা করা গেলে বোর্ডের কার্যক্রম পূর্ণতা পাবে, ফলও ভালো হবে। বোর্ডের সচিব আবদুল মজিদ জানান, চার বছরে এই বোর্ডের সাফল্য ঊর্ধ্বমুখী।