সীমাবদ্ধতার সীমা নেই আইন কমিশনে
চেয়ারম্যানের পদ খালি। সদস্য মাত্র একজন। তিনিই এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দাপ্তরিক কাজ করতে হয় তিনটি মাত্র কক্ষে। এ রকম সীমাবদ্ধতার মধ্য দিয়ে চলছে আইন কমিশন।বিচারপতি মোহাম্মদ আবদুর রশিদের পদত্যাগের পর এক বছর আট মাসেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আইন কমিশনের চেয়ারম্যানের পদ খালি রয়েছে। কমিশন আইন অনুযায়ী একজন চেয়ারম্যান ও দুজন সদস্যের সমন্বয়ে এটি গঠিত হওয়ার কথা। কিন্তু এখন একজন মাত্র সদস্য রয়েছেন, যিনি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাজ চালিয়ে যাচ্ছেন। নেই পর্যাপ্ত জনবল। এমনকি মুখ্য গবেষণা কর্মকর্তার গুরুত্বপূর্ণ পদটি শূন্য। নিজস্ব কর্মকর্তা নিয়োগের জন্য কমিশনের বিধিমালাও তৈরি হয়নি এখনো।কমিশনের যাত্রা শুরু হয়েছে ১৬ বছর আগে। কিন্তু নিজস্ব পতাকা ও ‘লোগো’ (প্রতীক) হয়নি। বর্তমানে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের তিনটি কক্ষে কাজ চলছে কমিশনের।সরকারের কাছে কমিশনের গত তিন বছরের বার্ষিক প্রতিবেদনেও এর সীমাবদ্ধতার দিকগুলো প্রকাশ পেয়েছে। আইন অনুযায়ী, প্রতিবছর ১ মার্চের মধ্যে কমিশন আগের বছরের কার্যাবলির প্রতিবেদন সংসদে পেশ করার জন্য সরকারের কাছে প্রতিবেদন দাখিল করে।এ বিষয়ে অভিমত জানতে যোগাযোগ করা হলে কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক এম শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘সবই সত্যি। তবে আমরা আশা করছি, শিগগিরই সমস্যার সমাধান হবে। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আরও দুটি ফ্লোর সমাপ্তির পথে। সেখানে জুডিশিয়াল সার্ভিস কমিশন স্থানান্তর হলে আমরা প্রয়োজনীয় জায়গা পাব। আশা করি, জনবলও পাব।’ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বর্তমানে তাঁরা মন্ত্রণালয়ের যথেষ্ট নৈতিক সমর্থন পাচ্ছেন, যা ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’। গত দুই বছরে আইন সংস্কারের জন্য বেশ কয়েকটি সুপারিশ প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছেন জানিয়ে তিনি বলেন, আরও কিছু প্রতিবেদন সমাপ্তির পথে। তিন বছরের প্রতিবেদন: সূত্র জানায়, আইন অনুসারে আইন কমিশনের ২০১১ সালের বার্ষিক প্রতিবেদন চলতি মার্চে মন্ত্রণালয়ে পাঠানো হয়। এতে বলা হয়, কমিশন সুষ্ঠু ও যুগোপযোগী আইন প্রণয়নে গবেষণামূলক কাজ করে চলছে। প্রয়োজনীয় জনবলের অভাব, গ্রন্থাগারে জায়গার অভাব ও বইয়ের অপ্রতুলতা, পর্যাপ্ত কম্পিউটার সরঞ্জাম ও ইন্টারনেট সুবিধা না থাকা এবং কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের বসার স্থানের সংকটের কারণে গবেষণাকাজ কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে সক্ষম হচ্ছে না। পূর্ণাঙ্গ কমিশন ও অফিসের জনবল এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দ পেলে কমিশন তার কার্যক্রম আরও গতিশীল করতে ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।২০১০ সালের প্রতিবেদনে বলা হয়, আইন কমিশন একটি গবেষণামূলক প্রতিষ্ঠান। কিন্তু গবেষণাকাজ চালানোর জন্য পৃথক খাতে কোনো অর্থ বরাদ্দ নেই। এ প্রতিবেদনেও বই, কম্পিউটার সরঞ্জাম, ইন্টারনেট সুবিধার অভাবসহ ২০১১ সালের অনুরূপ সমস্যার উল্লেখ করা হয়। এর আগে ২০০৯-এর প্রতিবেদনে প্রায় অভিন্ন কথা বলা হয়। শূন্যতা পূরণ হয়নি: ১৯৯৬ সালে আইন কমিশন যাত্রা শুরু করে। ২০০৯ সালের ২১ এপ্রিল কমিশনের পঞ্চম চেয়ারম্যান হিসেবে বিচারপতি মোহাম্মদ আবদুর রশিদ যোগ দেন। ২০১০ সালের ৭ অক্টোবর তিনি কমিশন থেকে পদত্যাগ করেন। সে সময় কমিশনের সদস্য ছিলেন সুনীল চন্দ্র পাল ও এম শাহ আলম। বিচারপতি রশিদের পদত্যাগের পর একই বছরের ২৪ অক্টোবর কমিশনের সদস্য অধ্যাপক এম শাহ আলম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।অধ্যাপক শাহ আলমের তিন বছরের মেয়াদ শেষ হয় চলতি বছরের জুনে। ২০০৯ সালের ২৩ নভেম্বর অবৈতনিক সদস্য মোহাম্মদ আবদুল মোবারক (বর্তমানে নির্বাচন কমিশনার) গত ৮ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। অপর সদস্য সুনীল চন্দ্র পাল গত বছরের ৯ জানুয়ারি পদত্যাগ করেন।সর্বশেষ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের গত ১৯ জুন জারি করা এক প্রজ্ঞাপনে কমিশনের সদস্য অধ্যাপক এম শাহ আলমকে দুই বছরের জন্য পুনর্নিয়োগ দেওয়া হয়। বলা হয়েছে, আইন কমিশন আইন, ১৯৯৬-এর ধারা ৫-এর উপধারা (৩) শর্তাংশে প্রদত্ত ক্ষমতাবলে অধ্যাপক শাহ আলমকে তাঁর বর্তমান সদস্যপদের মেয়াদ অতিবাহিত হওয়ার পর ২৪ জুন থেকে পরবর্তী দুই বছরের জন্য আইন কমিশনের সদস্যপদে পুনর্নিয়োগ দেওয়া হলো। সূত্র জানায়, এর আগে অধ্যাপক শাহ আলমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দেওয়া নিয়োগে বলা হয়েছিল, চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। এ ছাড়া দুই বছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী মুখ্য গবেষণা কর্মকর্তার পদটি শূন্য।স্থান ও জনবলসংকট: কমিশন গঠনের পর পুরাতন হাইকোর্ট ভবনে এর কার্যক্রম শুরু হয়। তবে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ প্রতিষ্ঠার আগে গত জানুয়ারিতে কমিশন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে (১৫ কলেজ রোড) স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তিনটি কক্ষে এর কাজ করতে হচ্ছে।সূত্র জানায়, কমিশনের ২০০৯ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী অনুমোদিত পদ ৩৮। এর মধ্যে কর্মরত ছিলেন ৩২ জন। ২০১০-এর প্রতিবেদন অনুসারে অনুমোদিত পদ ৩৯টি। কর্মরত ছিলেন ২৮ জন। সর্বশেষ ২০১১ সালের প্রতিবেদনে বলা হয়, অনুমোদিত পদ ৩৯। কর্মরত আছেন ৩০ জন। অন্যদিকে কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুসারে, এর পদের সংখ্যা ৪৩, আর কর্মরত ২৬ জন।বিধিমালার অভাবে নিয়োগে সমস্যা: আইন কমিশন আইন, ১৯৯৬-এর আওতায় কমিশনটি গঠিত হয়। এ আইনের একটি ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কমিশনের নিজস্ব বিধিমালা থাকবে। কমিশনের ওয়েবসাইটে দেখা যায়, আইন কমিশন (কর্মকর্তা) নিয়োগ বিধিমালা, ২০০৯ সংক্রান্ত প্রতিবেদনটি ২০০৯ সালের ৯ জুলাই আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। একই বছরের ২৭ ডিসেম্বর পাঠানো আইন কমিশন বিধিমালা, ২০০৯ খসড়া প্রতিবেদনে কমিশনের পতাকা ও লোগোর কথা উল্লেখ করা হয়। সর্বশেষ ২০১০ সালের ৮ জুলাই আইন কমিশন (কর্মকর্তা) চাকরি বিধিমালা, ২০১০ (খসড়া) এবং তফসিল পাঠানো হয়।কমিশন সূত্র জানায়, এসব বিধিমালা এখনো অনুমোদন পায়নি। ফলে স্থায়ীভাবে নিজস্ব কর্মকর্তা নিয়োগ দেওয়া যাচ্ছে না। কর্মচারীদের ক্ষেত্রে কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০০২ কার্যকর রয়েছে। এখন প্রেষণে পাঠানো কর্মকর্তাদের দিয়ে চলছে কমিশন।কমিশনের কার্যাবলি ও প্রতিবেদন: আইন কমিশনের কাজ হচ্ছে সংশ্লিষ্ট আইনগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সংশোধন বা ক্ষেত্রমত নতুন আইন প্রণয়নের সুপারিশ করা, অচল ও অপ্রয়োজনীয় আইন চিহ্নিত করে তা রহিত করার সুপারিশ এবং প্রয়োজনবোধে অন্য যেকোনো বিষয়ে আইন প্রণয়নে সুপারিশ করা। সরকার থেকে পাঠানো অন্যান্য আইনগত বিষয়ে সুপারিশ ও গবেষণা ছাড়াও কমিশনের প্রতি দুই বছরের একটি কর্মপরিকল্পনা পূর্ববর্তী বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে পেশ করার কথা। এ পর্যন্ত বিভিন্ন আইনের খসড়া, সংশোধন ও রহিতকরণ বিষয়ে সুপারিশসহ ১১৭টি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠিয়েছে কমিশন।কমিশনের পাঠানো প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, কমিশন থেকে প্রতিবেদন পাঠানো হলে এগুলো পর্যালোচনা করা হয়। প্রতিবেদনের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার থাকলে অনেক ক্ষেত্রেই পদক্ষেপ নেওয়া হয়। এ ক্ষেত্রে গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিবেচনা করে পদক্ষেপ নেওয়া হয়।