সীমাবদ্ধতায় আটকে আছে পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনের যথাযথ বাস্তবায়ন হচ্ছে না। বস্তুত, এ আইন বাস্তবায়নের প্রেক্ষাপটই পুরোপুরি তৈরি হয়নি। গত বছরের ডিসেম্বর থেকে আইনটি কার্যকর হলেও এখনো বিধি তৈরি হয়নি। রয়েছে এ সম্পর্কে অজ্ঞতাও।পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০-এর আওতায় এ পর্যন্ত মামলা হয়েছে মাত্র তিনটি। যদিও বিশেষজ্ঞরা বলেছেন, বিধি না হলেও এ আইনে মামলা করার ব্যবস্থা রাখা হয়েছে।আইনি ক্ষেত্রের সংশ্লিষ্টদের মতে, পারিবারিক সহিংসতা আইনের বাস্তবায়ন যথাযথভাবে শুরু হয়নি। আইনটি বাস্তবায়নে বিধি তৈরি ছাড়াও এ সম্পর্কে প্রচার বাড়ানো ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি।বিধি তৈরি হয়নি: এ আইনের আওতায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) পক্ষে প্রথম মামলা দায়ের করা হয় গত ১২ জুলাই। এ মামলায় বিএনডব্লিউএলএর আইনজীবী তৌহিদা খন্দকার প্রথম আলোকে বলেন, বিধি না হলেও এ আইনের আওতায় মামলা দায়েরের ব্যবস্থা রাখা হয়েছে। তবে মামলা পরিচালনার জন্য বিধি থাকা জরুরি।ঢাকায় প্রথম মামলার পর রাজশাহী (বাদী বিএনডব্লিউএলএ) ও কুমিল্লায় (বাদী ব্লাস্ট) আরও দুটি মামলা হয়েছে।বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) উপপরিচালক (আইন) ফরিদা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, আইনের বিধি না থাকায় মামলার জন্য কীভাবে আবেদন করতে হবে, কোথায় করতে হবে বা অনেক সময় আদালতকে বিষয়টি বোঝাতেই অনেক সময় নষ্ট করতে হচ্ছে।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, বিধি তৈরির কাজ চলছে। সরকারি ও বেসরকারিভাবে বিধির দুটি খসড়া তৈরি হয়েছে। খসড়া দুটি যাচাই-বাছাই চলছে। খুব শিগগির এ বিধি তৈরি হয়ে যাবে।প্রয়োগকারী কর্মকর্তাও নিয়োগ হয়নি: আইন অনুযায়ী, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা বা সরকারের নিযুক্ত কোনো কর্মকর্তা প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন। এখন পর্যন্ত প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টি তাঁরা মৌখিকভাবে জেনেছেন। আইনটি সম্পর্কেও তেমন একটা ধারণা দেওয়া হয়নি।সচিব তারিক-উল ইসলাম প্রথম আলোকে বলেন, সভা-সেমিনারে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাদের তাঁদের দায়িত্বের কথা জানানো হয়েছে। বিধি হয়ে গেলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।আইন অনুযায়ী, প্রয়োগকারী কর্মকর্তার দায়িত্বের মধ্যে রয়েছে আদালতকে সহযোগিতা করা, প্রতিবেদন উপস্থাপন, থানায় ঘটনা জানানো, নির্যাতিত বা সংক্ষুব্ধ ব্যক্তির সুরক্ষার জন্য আদালতের কাছে আবেদন করাসহ বিভিন্ন কাজ।আইনটির গুরুত্ব: পরিবারের কোনো সদস্যের মাধ্যমে সহিংসতার শিকার হয়েছেন বা সহিংসতার ঝুঁকির মধ্যে আছেন, এমন নারী ও শিশুরা এ আইনের আওতায় প্রতিকারের জন্য আবেদন করতে পারেন। আইনটিতে শারীরিক, মানসিক, যৌন নির্যাতন এবং আর্থিক ক্ষতির বিষয়টি পারিবারিক সহিংসতার আওতাভুক্ত করা হয়েছে।শুধু নির্যাতনের শিকার ব্যক্তিই নন, তাঁর পক্ষে অন্য কেউ প্রতিকারের জন্য আবেদন করতে পারবেন।ব্লাস্টের উপপরিচালক ফরিদা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ৩০-৪০ বছর সংসার করার পরও নির্যাতন করে নারীকে বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়ার ঘটনা ঘটে। কিন্তু এখন আর সে সুযোগ থাকবে না। প্রতিরোধ ও সুরক্ষায় যেসব বিধান: এ আইনের অধীনে সংঘটিত অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য ও আপসযোগ্য হবে। সংক্ষুব্ধ ব্যক্তির আঘাত, ভোগান্তি, শারীরিক ও মানসিক ক্ষতির প্রকৃতি ও পরিমাণ, চিকিৎসা খরচ, স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রভাব, সহিংসতার জন্য ব্যয় করা অর্থের পরিমাণ বিবেচনা করে প্রতিপক্ষকে ক্ষতিপূরণ আদেশ দেবেন আদালত। সংক্ষুব্ধ ব্যক্তি যেখানে থাকবেন সেখানে প্রতিপক্ষের (বিবাদী) যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করা যাবে। বাদীর নিরাপত্তায় আদালতের সুরক্ষা আদেশ বলবৎ থাকা অবস্থায় একই বাড়িতে থাকা সংক্ষুব্ধ ব্যক্তি বা তাঁর সন্তানদের জন্য নিরাপদ না হলে আদালত প্রয়োগকারী কর্মকর্তার তত্ত্বাবধানে নিরাপদ আশ্রয়ে থাকার ব্যবস্থা করবেন। সংক্ষুব্ধ ব্যক্তির কাছে প্রতিপক্ষের যাতায়াত, টেলিফোনসহ যেকোনো মাধ্যমে যোগাযোগের চেষ্টা করার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া যাবে।অমান্যের শাস্তি: মামলার প্রতিপক্ষ সুরক্ষা আদেশের শর্ত না মানলে অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অপরাধের পুনরাবৃত্তি ঘটলে তিনি অনধিক দুই বছর কারাদণ্ড বা অনধিক এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। মিথ্যা আবেদনকারীর অনধিক এক বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।বিএনডব্লিউএলএর প্রেসিডেন্ট ফাওজিয়া করিম ফিরোজ প্রথম আলোকে বলেন, আইনে অপরাধের বিচার বা নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রবিশেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে। একই সঙ্গে বলা হয়েছে নিভৃত কক্ষে বিচার করার কথা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশুদের নিভৃত কক্ষে বিচারসহ অন্যান্য সুরক্ষা দেওয়া সম্ভব কি না, সে বিষয়টিও ভাবা দরকার।