সীমাহীন দুর্ভোগে যাত্রীরা, রেলের ওপর চাপ
খানাখন্দে ভরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সংস্কারকাজ শুরু না হওয়ায় গতকাল বৃহস্পতিবারও যাত্রীবাহী দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। দুই দিন ধরে ওই সড়কে বাস না চলায় চাপ পড়েছে ট্রেনের ওপর। কিন্তু যাত্রীদের তুলনায় ট্রেন ও ট্রেনের আসনসংখ্যা খুবই কম।গতকাল মহাসড়কটিতে সামান্যসংখ্যক লোকাল বাস চললেও যাত্রীদের কাছ থেকে আদায় করা হয় দ্বিগুণ-তিন গুণ ভাড়া। যাত্রীদের বাস পাল্টে পাল্টে কখনো দীর্ঘক্ষণ হেঁটে গন্তব্যে যেতে হয়। রোজা রাখা যাত্রী, নারী, শিশু ও বৃদ্ধরা পড়েন চরম দুর্ভোগে।যাত্রী, বাস মালিক ও শ্রমিকদের বক্তব্যমতে, দীর্ঘদিন ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংস্কার করা হচ্ছে না। এতে সড়কটির গাজীপুরের টঙ্গী, জয়দেবপুর, রাজেন্দ্রপুর, মাওনা, জয়নাবাজার এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালের বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। রাস্তার দুই পাশে পানিনিষ্কাশনের তেমন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে গর্তগুলোতে জমছে হাঁটু পানি। এ অবস্থায় প্রায় প্রতিদিনই সড়কটির বিভিন্ন স্থানে গর্তে পড়ে গাড়ি আটকে যাচ্ছে এবং নষ্ট হচ্ছে। এ ছাড়া জলাবদ্ধতা ও গর্তের কারণে চালকদের ধীরে ধীরে গাড়ি চালাতে হচ্ছে। সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।বাস মালিক ও শ্রমিক সমিতি একাধিকবার গুরুত্বপূর্ণ এই মহাসড়ক সংস্কারের দাবি জানিয়েছিলেন। গত জুলাই মাসে যানবাহন চলাচল বন্ধের হুমকিও দিয়েছিলেন। কিন্তু সংস্কারকাজ শুরু হয়নি। এ অবস্থায় গত তিন-চার দিনের টানা বৃষ্টিতে মহাসড়কটির গর্তগুলোতে আবার কোমরসমান পানি জমে। সড়কটি গাড়ি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। বাধ্য হয়ে বুধবার দুপুর থেকে বাস চলাচল বন্ধ রাখেন মালিক-শ্রমিকেরা। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এ সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন গাজীপুর ও বৃহত্তর ময়মনসিংহ জেলার বাস মালিক ও শ্রমিক সমিতিগুলো। এতে এই মহাসড়ক দিয়ে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ১৫টি যাত্রাপথে চলাচল করা হাজার হাজার যাত্রী পড়েন মহা দুর্ভোগে। এমনই একজন ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের ইমান আলী। গতকাল দুপুরে ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাস টার্মিনালে তিনি বলেন, ‘বাজানের অসুহের কথা হোইন্নাই মহাখালী বাসস্ট্যান্ডে আইয়া দেহি গাড়ি নাই। লোকাল বাসে ২৫ টেহা দিয়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পর্যন্ত আহি। হেরপর হাইট্টা চার পাঁচ কিলোমিটার যাওনের পর গাজীপুর বাসস্ট্যান্ড পারইয়া আবার বাসে মাওনা আহি। ভাড়া লাগে ৭০ টেহা। মাওনায় তো কতটুহু জায়গা সাগরের লাহান পানি আর পানি। পরে আবার বাসে ৮০ টেহা দিয়া ময়মনসিংহে আইছি। এহন দুইডা বাজে এমন কইরা আর কয়বার গাড়ি বদলাইয়া যে নান্দাইল যামু। এ সড়হেও নাহি বাস বন্ধ।’ময়মনসিংহ থেকে জহিরুল ইসলাম ও তাঁর স্ত্রী সুফিয়া খাতুন সকাল ছয়টায় বাড়ি থেকে বের হন। তিনি বলেন, ‘লোকাল বাসে মাওনা চৌরাস্তা পর্যন্ত এসে চালক আর যাবে না বলে সেখানে নামিয়ে দেয়। সেখান থেকে সালনা পর্যন্ত ৪০ টাকার ভাড়ার বদলে দিতে হয়েছে ২০০ টাকা। এরপর আর কোনো বাস না পাওয়ায় বেলা তিনটায় সালনা থেকে হেঁটে চান্দনা চৌরাস্তা পর্যন্ত এসেছি।’ভোরে সেহরি খেয়ে ঢাকার উদ্দেশে রওনা হন ভালুকার রেজাউল করিম। তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে চান্দনা চৌরাস্তা এসেছি। ঢাকায় যেতে লোকাল বাসের শ্রমিকেরা যাত্রী প্রতি ৪৫ টাকার ভাড়া ১০০ টাকা করে নিচ্ছে।’গাজীপুরের ভোগড়া এলাকার হুমায়ুন কবির বলেন, ‘জয়দেবপুর যেতে বাস ভাড়া লাগে ১০ টাকা। সেখানে ২০০ টাকা রিকশা ভাড়া দিয়ে দুনিয়া ঘুরে জয়দেবপুর যেতে হয়েছে।’এ ব্যাপারে গাজীপুরের মায়ের দোয়া পরিবহনের চালক জহিরুল ইসলাম বলেন, ‘সোজা পথে ঢাকায় যেতে পারি না। রাস্তায় গাড়ি আটকে যায়। কোমরসমান গর্তে পানি জমে থাকে। তাই অনেক এলাকা ঘুরে ঢাকায় যেতে হয়। তাই ভাড়া একটু বেশি নিচ্ছি।’ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতির মহাসচিব রবিউল আলম শাহীন বলেন, ‘চালকেরা মূলত জীবনের ঝুঁকি নিয়ে এমন ভাঙাচোরা সড়কে আর বাস চালাতে চাচ্ছেন না। একই দাবিতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কেও বাস চলাচল বন্ধ রয়েছে। আমরা দ্রুত এ সড়কটির মেরামতের দাবি জানাচ্ছি।’রেলস্টেশনে ভিড়: গতকাল বিকেলে ময়মনসিংহ রেলস্টেশনে গিয়ে দেখা যায়, শত শত মানুষ টিকিটের জন্য দুটি কাউন্টারে দাঁড়িয়ে কাউন্টার থেকে প্ল্যাটফর্ম পর্যন্ত লম্বা লাইনে দাঁড়িয়ে। একটি লোকাল ট্রেনের ছাদে অসংখ্য যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে যেতে উঠে বসেছেন। আর অনেক যাত্রী স্টেশনের মেঝেতে ট্রেন আসার অপেক্ষায় পরিজন নিয়ে নোংরা পরিবেশে বসে আছেন।ঢাকার নবাবপুরের ক্ষুদ্র ব্যবসায়ী আহমেদুল হক বলেন, ‘সকালে বাসস্ট্যান্ডে গিয়ে বাস পাইনি। ট্রেনে যাওয়ার জন্য সকাল থেকে টিকিট পাওয়ার চেষ্টা করছি। স্টেশনের এক লোক ধরে বেশি দাম দিয়ে মাত্র দুটি টিকিট পেয়েছি। আমি দাঁড়িয়ে যাব। যে ভিড় ছেলেমেয়ে নিয়ে ট্রেনে কীভাবে উঠব আর কখন ঢাকায় পৌঁছাব, জানি না।’এ ব্যাপারে ময়মনসিংহ রেলস্টেশনের স্টেশন অফিসার আবুল কালাম আজাদ গতকাল বলেন, ‘এমনিতেই গত কয়েক দিন ধরে যাত্রীদের ব্যাপক চাপে আমরা হিমশিম খাচ্ছিলাম। তার মধ্যে আজ (গতকাল) খুবই খারাপ অবস্থা। যাত্রীদের এত বেশি চাপ যে কেবল সকালের দুটি ট্রেনেই দাঁড়ানো টিকিট বিক্রি হয়েছে ৬০ হাজার টাকার।’ আবুল কালাম বলেন, ‘চারটি নয় ১০টি ট্রেন দিলেও এ সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ ময়মনসিংহ থেকে ঢাকাগামী প্রতিদিন ছেড়ে যাওয়া চারটি ট্রেনে কেবল আসন বরাদ্দ রয়েছে ৩৬৫টি। যা খুবই অপ্রতুল।’ গর্তে পড়া অব্যাহত: রংপুর থেকে ভুট্টা নিয়ে শ্রীপুরের নিউ হোপ ফিড মিলে যাচ্ছিলেন ট্রাক চালক রেজাউল করিম। তিনি বলেন, সকাল সাতটায় চান্দনা চৌরাস্তায় এসে আটকে গেছি। ময়মনসিংহগামী একটি ট্রাক চান্দনা চৌরাস্তার উত্তর দিকের একটি গর্তে আটকে যাওয়ায় অন্তত অর্ধশত মালবাহী ট্রাক সড়কে যানজট সৃষ্টি করে বসে আছে। সরানোর উদ্যোগ নিই।’এ ব্যাপারে গাজীপুর চৌরাস্তায় কর্মরত পুলিশের সার্জেন্ট সাজ্জাদ খান বলেন, ‘বিকেল তিনটার দিকে রেকার দিয়ে আটকে যাওয়া ট্রাকটি সরানো হয়েছে। গর্ত থাকায় সেখানে আরেকটি মালবাহী ট্রাক আটকে কিছুক্ষণ পর আবার যানজট তৈরি হয়। যানজটের এ চেহারা স্থায়ী হয়ে গেছে ঢাকা বাইপাস সড়কের ভোগড়া এলাকায়।’গাজীপুর সড়ক ও জনপথের (সওজ) উপসহকারী প্রকৌশলী মুজিবুর রহমান বেলা তিনটার দিকে সড়কে বালু ও ইট ফেলে গর্ত ভরাটের কাজ করছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, সওজের উদ্যোগে জরুরি ভিত্তিতে সড়কের অংশবিশেষ সাময়িক সংস্কারের কাজ চলছে। যানজট কিছুটা কমছে।’