সীমাহীন ফি আইন পেশাকে করেছে ভীতিকর
আইন পেশা সম্মানজনক ও উচ্চ-সংবর্ধিত একটি পেশা। ন্যায়বিচারের পথ স্বচ্ছ ও নিরপেক্ষ করতে আইনজীবীদের ভূমিকা অনেক। আইনজীবীদের কিছু অন্তর্নিহিত ন্যায়নীতি মেনে চলতেই হয়। এই নীতিগুলো তাঁদের জন্য অনেকটা ‘শাস্ত্রীয় বিধি’ হিসেবে গণ্য। এই নীতিমালা বা আচরণের কোনো ধরনের লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইন পেশার সর্বোচ্চ লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের অধিকার ও স্বাধীনতা অক্ষুণ্ন রাখার জন্য লড়াই এবং সমাজে শান্তি বজায় রাখা। কোনো আইনজীবীর কোনো ব্যর্থতা বিচার অঙ্গনে দুর্নীতি বাড়াতে সাহায্য করে এবং এর ফলে সমাজের শান্তিশৃঙ্খলা লঙ্ঘিত হয়। এ জন্য যুক্তিসংগত কারণেই বলা হয়, একজন চিকিৎসকের অনৈতিকতার জন্য একজনেরই ক্ষতি হয়, কিন্তু একজন আইনজীবীর কারণে পুরো সমাজই ক্ষতিগ্রস্ত হতে পারে।সম্প্রতি আইন পেশায় নৈতিকতার অবক্ষয় দেখা যাচ্ছে এবং তা বিশ্বজুড়েই হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আইনজীবীরা কি তাঁদের আচরণবিধি সম্পর্কে সচেতন? তাঁরা কি নীতিবান? ১৯৯৪ সালে আমেরিকান বার অ্যাসোসিয়েশনের এক জরিপে দেখা গেছে, আমেরিকার জনগণের কাছে রাজনীতিবিদ ও শেয়ারবাজারের কিছু নোংরা লোকের মতো আইনজীবীরাও খুব একটা পছন্দের নন। আইনজীবীদের নিয়ে অনেক কৌতুকও প্রচলিত আছে। এক ছেলেকে ভর্তির ক্ষেত্রে তার মায়ের কাছে জানতে চাওয়া হয়েছিল, ছেলে কোন পেশায় এলে ভালো করবে? তখন তিনি লিখে জানিয়েছিলেন, নিঃসন্দেহে আইন পেশায়। কারণ তাঁর ছেলে বিবেকহীনভাবে অনেক চালাক এবং খুব সহজেই মানুষকে প্রতারিত করতে পারে, এমনকি তার ভাই এবং বাবাকেও। এটাই দক্ষিণ এশিয়ায় আইন পেশা নিয়ে সবার ধারণা। নেপালে আইনজীবীদের গণ্য করা হয় যারা সব সময় কালোকে সাদায় পরিণত করে, তাদের মতো।কিন্তু এমন অবস্থা হওয়ার কথা নয় কখনোই। আইনজীবীরাই পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পেশার অধিকারী ছিলেন। উনিশ শতকের শুরুর দিকে আইনজীবীরাই ছিলেন সমাজ গঠনের পথিকৃৎ। কিন্তু এখন এর উল্টো দাঁড়িয়েছে। পত্রপত্রিকায় প্রায়ই এমন সংবাদ ছাপা হচ্ছে—একজন আইনজীবী তাঁর মক্কেলকে খুব কম দামে জমি বিক্রি করতে বাধ্য করছেন, আইনজীবীরা অস্বাভাবিক ফি নিচ্ছেন এবং মামলা ইচ্ছা করেই ঝুলিয়ে রাখছেন তাঁর ব্যাংক হিসাব দ্রুত বাড়ানোর জন্য প্রভৃতি।সংখ্যার দিক থেকে বিবেচনা করলে আইন পেশা পৃথিবীর অন্যতম বৃহৎ পরিসরের একটি পেশা। আইন বিষয়ের শিক্ষার্থীদের সংখ্যাও বিশ্বব্যাপী প্রচুর। ভারতেই প্রতিবছর ৬০ হাজার শিক্ষার্থী আইন বিষয়ে ভর্তি হচ্ছেন। একজন আইনের শিক্ষক হিসেবে আমি এই আইন বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহের কয়েকটি কারণ চিহ্নিত করেছি—(১) অধিকাংশই মনে করেন, কম ঝুঁকি ও কম পুঁজিতে প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব, (২) আইন পেশা একটি মহৎ পেশা—এই মিথে অনেকে আকৃষ্ট হন, (৩) অনেকেই পিতামাতার আইন পেশার পরম্পরা বজায় রাখতে চান। আইন পেশা কি প্রথমত কোনো ব্যবসা এবং দ্বিতীয়ত কোনো পেশা হিসেবে গণ্য? এখন এ পেশা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হচ্ছে। করপোরেট ল ফার্ম বাড়ছে। করপোরেট ল ফার্মগুলো আইন পেশাকে ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবেই নিয়েছে। এটা এ পেশাকে আকর্ষণীয় করে তুলছে দিনকে দিন। ফলে এর প্রভাব পড়ছে আইন শিক্ষার ক্ষেত্রেও। বাস্তব ক্ষেত্রে সাধারণ বিচারকারীদের আইনজীবীদের ওপর আস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাঁরা মনে করছেন, আইনজীবীরা অতিমাত্রায় ফি নিচ্ছেন, কিন্তু এর বিনিময়ে যথার্থ কাজ করছেন না। আইন পেশার অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটিও ক্রমশ অস্বচ্ছ হয়ে পড়েছে। বলা হয়, আইনজীবী ও মক্কেলের মধ্যে মামলা পরিচালনার চুক্তি একটি ব্যক্তিগত চুক্তি। আইনজীবীদের ‘আচরণবিধি’ লঙ্ঘন ও আস্থার জায়গায় অভাব যেন বিরাট এক সমস্যা হিসেবে দেখা দিয়েছে দক্ষিণ এশিয়ায়। আইনজীবীরা প্রায়ই অনৈতিক কাজে জড়িত হচ্ছেন, বিশেষ করে মক্কেলের সঙ্গে মামলায় ফি নির্ধারণের বিষয়ে। অনেক সময় দেখা যায়, ল চেম্বারে সিনিয়ররা জুনিয়রদের দিয়ে কাজ করাচ্ছেন কিন্তু মক্কেলের কাজ থেকে নিচ্ছেন প্রচুর ফি। এটা করা উচিত নয়। সিনিয়রদের আগেই বলতে হবে, ‘আমার জুনিয়র এ মামলা পরিচালনা করবে, সে অনুপাতে ফি নির্ধারণ করতে হবে।’ জুনিয়রদের সঙ্গে প্রতারণা করাও অন্যায়। নেপালে এখন নীতিমালা হয়েছে, আদালতে প্রত্যেক সিনিয়র আইনজীবীকে তাঁর জুনিয়র আইনজীবী নিয়ে মামলায় শুনানি করতে হবে। কোনো সিনিয়র যদি জুনিয়র আইনজীবী সঙ্গে না আনেন, আদালত তাঁকে দোষারোপ করতে পারেন।আইনজীবীরা হচ্ছেন সমাজের প্রকৌশলী। ইংরেজিতে বলা হয় ‘সোশ্যাল ইঞ্জিনিয়ার’। তাঁদের এটা মনে রাখা উচিত। এ জন্য আইন শিক্ষার ব্যবস্থা আরও যুগোপযোগী করতে হবে। বলা হয়, ভূমিকম্পে দেয়াল ধসে গেছে, প্রাণহানি হয়েছে। আসলে ভূমিকম্পে নয়, বলতে হয় প্রকৌশলীদের কারণে দেয়াল ধসে পড়েছে। কারণ এ দেয়াল কীভাবে নির্মাণ করা হবে, তা প্রকৌশলীদেরই কাজ। কিন্তু এ প্রকৌশলীরা যদি শিক্ষার ক্ষেত্রেই দুর্বলভাবে শেখেন, তাঁদের দিয়ে কিছু আশা করা যায় না। আইন শিক্ষার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশনগুলোকে আরও ফলপ্রসূ ভূমিকা রাখতে হবে, বিশেষ করে মামলায় ফি নির্ধারণের ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকার বিষয়ে। ইদানীং এ অঞ্চলে বিচারিক রায়ের দুর্বোধ্যতাও অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জটিল ভাষা ব্যবহার, ভুল ব্যবহার ও দীর্ঘ রায়ের ফলে মূল রায় বোঝা কষ্টকর হয়ে গেছে। বাংলাদেশেও ইংরেজিতে রায় হচ্ছে। অথচ আমাদের নেপালে নেপালি ভাষায় রায় দেওয়া হচ্ছে। ভারতেও পৃথক সেল গঠন করা হয়েছে, যাতে রায়গুলো হিন্দিতে অনুবাদ করা যায়। এতে বিচারপ্রার্থীরা উপকৃত হন।নেপালের অভিজ্ঞতায় আমি কিছু বিষয়ে গুরুত্ব দিতে চাই আইন পেশা নিয়ে।১. আইনজীবীদের সীমাহীন ফি নির্ধারণ আইন পেশাকে ভীতিকর পেশায় রূপান্তর করেছে। সাধারণ মানুষ এখন আইনজীবীদের ভয় পান।২. কম কাজ অথচ অধিক ফিই দুর্নীতির উৎস। গুটিকয়েক আইনজীবী তাঁদের গবেষণা ও কঠোর পড়াশোনা ছেড়ে কোর্টের কর্মচারী ও বিচারকদের সঙ্গে অনৈতিক লেনদেনে পারদর্শী হওয়ার চেষ্টায় লিপ্ত।৩. রাজনৈতিক ক্ষমতা ও উদ্দেশ্য হাসিলের জন্য আইন পেশাকে অনেকে বেছে নিচ্ছেন এবং এতে তাঁরা ভালো উপার্জনের উপায়ও খুঁজে পাচ্ছেন।তাই আইনজীবী ও মক্কেলের মধ্যে অস্বচ্ছ অর্থনৈতিক লেনদেন আইন পেশাকে কলংকিত করার ক্ষেত্রে বিপজ্জনক ভূমিকা পালন করছে।[গত ১৫ জানুয়ারি সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্স লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ (সেইলস) আয়োজিত আইন পেশায় নৈতিকতাবিষয়ক সেমিনারে দেওয়া বক্তব্য। ইংরেজি থেকে অনূদিত]