চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দরের ছয় জেটির কাজ
সীমিত প্রতিযোগিতার দর প্রস্তাবে বিরাট ফারাক
চট্টগ্রাম বন্দরের ছয়টি কনটেইনার জেটির তৃতীয় দফায় দরপত্রে ছয় বার্থ অপারেটর প্রতিষ্ঠান কনটেইনারপ্রতি গড় দর দিয়েছে ৪৩১ টাকা। আগের দ্বিতীয় দফায় দরপত্রে সর্বনিম্ন দর ছিল ১৪৪ টাকা। দরপত্রে তিন বছরে প্রতিটি জেটিতে দুই লাখ ৭৬ হাজার বক্স কনটেইনার ওঠানো-নামানোর কথা বলা হয়েছে। এ হিসাবে ছয়টি জেটি পরিচালনায় বার্থ অপারেটররা প্রায় ৪৭ কোটি টাকা বেশি দর দিয়েছেন।গতকাল বুধবার দরপত্র বাক্স খুলে দেখা যায়, এবার চারটি জেটিতে একজন করে বার্থ অপারেটর দর দিয়েছেন। বাকি দুটিতে দুই বার্থ অপারেটর ও আরও দুটি প্রতিষ্ঠান অংশ নেয়। ওই দুই প্রতিষ্ঠান হচ্ছে এ হক চৌধুরী অ্যান্ড সন্স এবং বর্ণালি করপোরেশন লিমিটেড। এই দুটি প্রতিষ্ঠানের প্রস্তাবিত দর ২১৮ টাকা। অথচ প্রতিযোগিতাবিহীন চার বার্থ অপারেটরের প্রতিটি জেটিতেই কনটেইনারপ্রতি এই দুই প্রতিষ্ঠানের চেয়ে ২১৩ টাকা করে বেশি দর দেওয়া হয়েছে। এই হিসাবে প্রতি জেটিতে তিন বছরে অতিরিক্ত ব্যয় দাঁড়াবে প্রায় ছয় কোটি টাকা। আরেকটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিলেও কোনো জেটির কথা উল্লেখ করেনি। বন্দর সদস্য হাদী হোসেন প্রথম আলোকে বলেন, এখন বিধি অনুযায়ী দরপত্র মূল্যায়ন করা হবে।দ্বিতীয় দফা দরপত্রের সঙ্গে তুলনা করে দেখা গেছে, দ্বিতীয় দফায় ছয় জেটিতেই সর্বনিম্ন দর দিয়েছিল মংলা বন্দরের বেসরকারি প্রতিষ্ঠান খুলনা ট্রেডার্স। তাদের চেয়ে কনটেইনারপ্রতি এবার বার্থ অপারেটরদের দর বেশি ২৮৭ টাকা। তৃতীয় দফায় দরপত্রে নতুন শর্ত যুক্ত করায় খুলনা ট্রেডার্সের মতো অনেকেই অংশ নিতে পারেনি।অভিযোগ পাওয়া গেছে, ছয় বার্থ অপারেটর তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিনা দরপত্রে বন্দরের ছয় জেটিতে কাজ পেয়েছিল। তারাই কাজ ধরে রাখতে গত মঙ্গলবার রাতে আগ্রাবাদের একটি হোটেলে সমঝোতা বৈঠক করে। এতে তারা ছাড়াও ২৮টি অপারেটরের মালিকেরা ছিলেন। বৈঠকে সমঝোতা হয়, দরপত্রে অংশ না নেওয়া প্রতিষ্ঠানগুলোকে কনটেইনারপ্রতি ১২৫ টাকা করে দেওয়া হবে। তবে সমঝোতা ভেঙে গতকাল দরপত্রে দুটি প্রতিষ্ঠান অংশ নেয়। ফলে দুই জেটির প্রস্তাবিত দর অনেক কমে যায়। মঙ্গলবার রাতের বৈঠকে অংশ নেওয়া বার্থ অপারেটর এভারেস্ট এন্টারপ্রাইজের মালিক শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে আমি কিছু বলতে পারব না।’বন্দর সূত্রে জানা গেছে, ছয়টি জেটির প্রথম দরপত্র আহ্বান করা হয় গত ৩১ মে। প্রথম দফা দরপত্রে অংশ নেয় ২৩টি প্রতিষ্ঠান। শর্ত শিথিল করায় দ্বিতীয় দফা দরপত্রে অংশ নেয় ২৬টি প্রতিষ্ঠান। তৃতীয় দফা দরপত্রে শর্ত সীমিত করায় অংশ নেয় মাত্র নয়টি প্রতিষ্ঠান। বন্দর সূত্রে জানা গেছে, এ ছয়টি জেটির দরপত্র নিয়ে আদালতে এ পর্যন্ত ১০টি মামলা হয়। মামলার কারণে বন্দর কর্তৃপক্ষ দরপত্রের প্রক্রিয়া স্থগিত করে। মন্ত্রণালয়ও নতুন শর্ত যোগ করতে ফ্যাক্সবার্তা পাঠায় চট্টগ্রাম বন্দরে। সংশোধন করা হয় শর্তও। গত ৩১ মে দেওয়া প্রথম দরপত্রে বিগত ১০ বছরের মধ্যে যেকোনো তিন বছরে ৫০ হাজার ইউনিট কনটেইনার ওঠানো-নামানোর অভিজ্ঞতার শর্ত দেওয়া হয়। পরে সংশোধন করে সাত বছরের মধ্যে দুই বছরে ২৫ হাজার ইউনিট কনটেইনার অভিজ্ঞতার শর্ত দেওয়া হয়। আবার গত ২২ জুলাই দেওয়া দ্বিতীয় দরপত্রে যেকোনো সমুদ্রবন্দরে সাত বছরের মধ্যে দুই বছরে ২৫ হাজার ইউনিট কনটেইনার ওঠানো-নামানোর অভিজ্ঞতার শর্ত দেওয়া হয়। তৃতীয় দফা দরপত্রে শুধু চট্টগ্রাম বন্দরে একই অভিজ্ঞতার শর্ত দেওয়া হয়। একইভাবে এক জেটিতে একজন অপারেটর অংশ নিতে পারবে বলে নতুন শর্ত দেওয়া হয়। ফলে প্রতিযোগিতা সীমিত হয়ে যায়।তৃতীয় দফার দর: তৃতীয় দফা দরপত্রে ছয় নম্বর জেটিতে এ হক চৌধুরী অ্যান্ড ব্রাদার্স তিন বছরে দুই লাখ ৭৬ হাজার বক্স কনটেইনার ওঠানো-নামানোর জন্য দরপ্রস্তাব দেয় ছয় কোটি তিন লাখ ৭৫ হাজার টাকা। একই জেটিতে সাবেক বার্থ অপারেটর এফ কিউ খান অ্যান্ড ব্রাদার্স লিমিটেড দর দেয় ১১ কোটি ৯২ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা। নয় নম্বর জেটিতে বর্ণালি করপোরেশনের ছয় কোটি এক লাখ ৭৫ হাজার ৯০০ টাকা এবং ফজলী সন্স লিমিটেড দেয় ১১ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা দর দেয়।এ ছাড়া ১০ নম্বর জেটিতে বশির আহমেদ ১১ কোটি ৮৯ লাখ ৭৯ হাজার টাকা, এ অ্যান্ড জে ট্রেডার্স ১১ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা, এভারেস্ট এন্টারপ্রাইজ ১১ কোটি ৮২ লাখ ৩৫ হাজার টাকা এবং ১৩ নম্বর জেটিতে এম এইচ চৌধুরী লিমিটেড ১১ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকা দর দেয়। এর বাইরে মেসার্স চট্টল স্টিভিডোরিং সিন্ডিকেট লিমিটেড দরপত্র জমা দিলেও কোনো জেটির কথা উল্লেখ করেনি।