সু চি নির্বাচনে লড়বেন, হিলারি যাচ্ছেন মিয়ানমার (ভিডিও)
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চি সে দেশের পার্লামেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে সু চি আবার দেশটির রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন। এদিকে আগামী মাসেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মিয়ানমার সফরে যাবেন। এটা হবে গত ৫০ বছরের মধ্যে কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।
বিবিসি অনলাইন জানায়, আজ শুক্রবার ইয়াঙ্গুনে সু চি তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শতাধিক জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এক সভায় এ ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে, সেনা-সমর্থিত মিয়ানমারের বেসামরিক সরকারের রাজনৈতিক সংস্কারের কারণেই সু চি নির্বাচনে অংশ নিচ্ছেন।নির্বাচনে অংশ নিতে এনএলডি যেকোনো দিন দেশটির নতুন আইন অনুযায়ী নিবন্ধিত হওয়ার আবেদন করবে। যদিও দলটি গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচন বর্জন করেছিল।এদিকে হিলারির সফরকে প্রেসিডেন্ট বারাক ওবামা মিয়ানমারের জন্য ‘উন্নয়নের আলো’ হিসেবে অভিহিত করেছেন। হিলারির আসন্ন এ সফর সম্পর্কে ওবামা আগেভাগেই সু চিকে জানিয়েছিলেন।এনএলডির এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজনৈতিক দলের নিবন্ধন আইন মেনে এনএলডি যেকোনো দিন নিবন্ধনের আবেদন করবে এবং আসন্ন উপনির্বাচনে এনএলডি অংশ নেবে।’গত নির্বাচনে সু চি নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধঘোষণা করায় এনএলডি নির্বাচন বর্জন করেছিল। কিন্তু সেই আইন এখন তুলে নেওয়া হয়েছে। মিয়ানমারের নতুন সরকারে মন্ত্রীদের নিয়োগের পর ৪৮টি আসন খালি হয়েছে। তাই সু চির দল এখন খালি হওয়া আসনগুলোতে লড়বে বলে ঘোষণা দিয়েছে।১৯৯০ সালের নির্বাচনে এনএলডি জয়লাভ করলেও ক্ষমতায় যেতে পারেনি। এরপর থেকে সু চি কয়েক দফায় গৃহবন্দী ছিলেন। গত বছর তিনি মুক্তি পান।এদিকে ইন্দোনেশিয়ার বালিতে আশিয়ান শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘মিয়ানমারের সামনে এগোনোর পথে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিষয়টি আমি সু চিকে সরাসরি বলেছি এবং তাঁর সমর্থনও পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘সফরের সময় হিলারি ক্লিনটন দেখবেন মিয়ানমারের ইতিবাচক সংস্কারের পথে যুক্তরাষ্ট্র কীভাবে সাহায্য করতে পারে। তবে মিয়ানমার সরকার সংস্কারের পক্ষে ইতিবাচক কোনো পদক্ষেপ নেয় কি না, তার ওপরই যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি নির্ভর করছে। আর সংস্কারের পথ থেকে তারা সরে এলে আগের মতোই অবরোধ বহাল থাকবে এবং তাদের একঘরে করে রাখা হবে।’