সু চি প্রেসিডেন্ট হলে মেনে নেব
মিয়ানমারের জনগণ চাইলে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি প্রেসিডেন্ট হলে তিনি তা মেনে নেবেন। মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট থেইন সেইন বিবিসির হার্ডটক অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন। গতকাল শনিবার বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়।মিয়ানমারের প্রেসিডেন্ট বলেন, জনগণ যদি সু চিকে ভোট দেয়, তবে তিনি তাঁকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করবেন।থেইন সেইন জোর দিয়ে বলেন, ২০১৫ সালের নির্বাচনে জনগণ যাকেই নির্বাচিত করবেন, জনগণের সে ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানানো হবে।সু চির মিয়ানমারের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে ওই অনুষ্ঠানে থেইন সেইন বলেন, ‘তিনি দেশের নেতা হতে পারবেন কি না, তা দেশের জনগণের ইচ্ছার ওপর নির্ভর করছে। জনগণ যদি তাঁকে গ্রহণ করে, তাহলে আমিও তাঁকে গ্রহণ করব। সু চি ও আমার মধ্যে কোনো সমস্যা নেই। আমরা একসঙ্গে কাজ করছি।’ তবে তিনি উল্লেখ করেন, পার্লামেন্টে সামরিক জান্তার অনেকগুলো আসন আছে। তাই দেশটির কেন্দ্রীয় রাজনীতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।মিয়ানমারে গণতান্ত্রিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন থেইন সেইন।