অবশেষে গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পেলেন মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক অং সান সু চি। গতকাল শনিবার বিকেলে মুক্তি পান তিনি।শুক্রবারই সু চির মুক্তির আদেশে কর্তৃপক্ষের স্বাক্ষরের খবর জানা গেলেও তাঁর মুক্তির সময় নিয়ে কেউ পুরোপুরি নিশ্চিত ছিলেন না।হাজার হাজার সমর্থক ইয়াঙ্গুনের বাড়ির সামনে জড়ো হয়ে প্রিয় নেত্রীকে স্বাগত জানান। নেত্রী যেকোনো সময় মুক্তি পেতে পারেন—এ প্রত্যাশায় আগের দিনও সেখানে সমবেত হয়েছিলেন তাঁরা।মুক্তি পাওয়ার পর সমর্থকদের উদ্দেশে সু চি বলেন, ‘আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ আজ রোববার ইয়াঙ্গুনে নিজের দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সদর দপ্তরের সামনে সমবেত হতে সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি।সু চির মুক্তি উপলক্ষে ইয়াঙ্গুনের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় গত ২১ বছরের মধ্যে প্রায় ১৫ বছরই সু চিকে গৃহবন্দী করে রাখে দেশটির সামরিক জান্তা। গতকালই তাঁর সর্বশেষ দফা গৃহবন্দিত্ব আদেশের মেয়াদ শেষ হয়।জাতিসংঘের মহাসচিব বান কি মুন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ বিভিন্ন নেতা ও সংস্থা সু চির মুক্তিকে স্বাগত জানিয়েছেন।মিয়ানমারের সরকারি একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সু চিকে মুক্তি দেওয়া হয়েছে।’ তবে জান্তার পক্ষ থেকে কোনো বিবৃতি বা কোনো ধরনের মন্তব্য করা হয়নি।এনএলডির একজন নেতা বলেন, ‘আমরা খুবই খুশি। এটি শুধু সু চির মুক্তি নয়। মিয়ানমারের জনগণের মুক্তি।’সমর্থকদের সামনে: মুক্তি পাওয়ার পর বাড়ির সামনে দীর্ঘ প্রতীক্ষায় থাকা সমর্থকদের সামনে উপস্থিত হন সু চি। এ সময় তাঁকে সুস্থ ও হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। মিয়ানমারের ঐতিহ্যবাহী পোশাক পরা সু চি বাড়ির মূল ফটকে এসে ভেতর থেকে সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। দীর্ঘদিন পর প্রিয় নেত্রীকে একনজর দেখতে পেয়ে উল্লাসে ফেটে পড়েন সমর্থকেরা। অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। সমর্থকেরা জাতীয় সংগীত গেয়ে নেত্রীকে স্বাগত জানান। তাঁরা ‘সু চি দীর্ঘজীবী হোন’, ‘আমরা সু চির পাশে আছি’সহ নানা স্লোগান দেন। আবেগাপ্লুত সমর্থক নাইং নাইং (৪৫) বলেন, ‘আমি তাঁকে একই সঙ্গে আমার মা, বোন ও দাদির মতো মনে করি। কারণ তিনি আমাদের স্বাধীনতার নায়ক অং সানের মেয়ে। সু চির শরীরে তাঁর বাবার রক্ত রয়েছে।’সমর্থকেরা মোবাইল ফোনে সু চির ছবি তোলেন। অনেকেই প্রিয় নেত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করেন। তাঁদের ভিড় সামলাতে নেতা-কর্মীদের হিমশিম খেতে হয়।এর মধ্যেই সমর্থকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন সুচি। মুক্তির জন্য তিনি দলের নেতা-কর্মী, সমর্থক ও আন্তর্জাতিক মহলকে ধন্যবাদ জানান। সু চি সমর্থকদের আজ রোববার দলের সদর দপ্তরে যেতে বলেছেন। তিনি সেখানে বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।সম্প্রতি জান্তা সরকার ১৯৯০ সালের পার্লামেন্ট নির্বাচনে জয়লাভকারী এনএলডিকে ভেঙে দেয়। নির্বাচনে জিতলেও তখন দলটিকে ক্ষমতায় যেতে দেওয়া হয়নি। এর আগের বছর সামরিক শাসন জারি করে সু চিকে গৃহবন্দী করে সামরিক জান্তা।কড়া নিরাপত্তা: সু চির মুক্তিকে ঘিরে গত বৃহস্পতিবার থেকেই তাঁর বাড়ির আশপাশের এলাকাসহ ইয়াঙ্গুনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। শহরের প্রধান প্রধান সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দেন। সু চির বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সেখানে ব্যারিকেডও দেওয়া হয়। দলনেত্রীর মুক্তির আশায় শনিবার সকাল থেকেই হাজার হাজার সমর্থক বাড়িটির সামনে জড়ো হতে থাকেন।মুক্তির আনুষ্ঠানিকতা শেষ হলে পুলিশ সু চির বাড়ির সামনে থেকে ব্যারিকেড সরিয়ে নেয়। সঙ্গে সঙ্গে সমর্থকেরা বাড়ির মূল ফটকের সামনে অবস্থান নেন। এর কিছুক্ষণ পরই তাঁদের সামনে আসেন প্রিয় নেত্রী।বিশ্বনেতাদের প্রতিক্রিয়া: সুচির মুক্তিকে স্বাগত জানিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুন সব রাজবন্দীকে মুক্তি দিতে জান্তা সরকারের প্রতি আহ্বান জানান। এক বিবৃতিতে তিনি জান্তা সরকার সু চির প্রতি আর কোনো বিধিনিষেধ আরোপ করবে না বলে আশা প্রকাশ করেন।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সু চির মুক্তিকে স্বাগত জানিয়ে তাঁকে তাঁর ‘নিজের নায়ক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘মিয়ানমারের সব রাজবন্দীকে মুক্তি দেওয়ার এখনই সময়।...মিয়ানমারসহ সারা বিশ্বে যাঁরা মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন, সু চি তাঁদের প্রেরণার উৎস।’ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ‘আমরা যাঁরা বাকস্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারে বিশ্বাস করি তাঁদের প্রেরণার অন্যতম উৎস সু চি।’ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন দেশ ও সংস্থাও সু চির মুক্তিকে স্বাগত জানিয়েছে।বন্দিত্বের শুরু: ১৯৮৯ সাল থেকে কয়েক মেয়াদে মোট প্রায় ১৫ বছর গৃহবন্দী ছিলেন সু চি। মাঝে কয়েকবার তাঁর বন্দিত্ব স্বল্প সময়ের জন্য শিথিল করা হয়। সর্বশেষ গত বছর মে মাসে তাঁর গৃহবন্দিত্বের মেয়াদ ১৮ মাস বাড়ানো হয়। সু চির বিরুদ্ধে একজন মার্কিন নাগরিককে আশ্রয় দেওয়ার অভিযোগ এনে আদালত ওই সর্বশেষ সাজার রায় দেন। এক মার্কিন নাগরিক সাঁতরে লেক পার হয়ে সুচির বাড়িতে গিয়েছিলেন। আদালতের রায়ে গৃহবন্দিত্বের শর্ত লঙ্ঘন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছিল।ব্যক্তিগত ত্যাগ: মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে ব্যক্তিগত অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে সু চিকে। ১৯৯৯ সালে স্বামী ব্রিটিশ শিক্ষাবিদ মাইকেল অ্যারিস ক্যানসারে ভুগে মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় শেষবারের মতো গৃহবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে তাঁকে সেই অনুমতি দেয়নি জান্তা সরকার।প্রায় এক দশক ধরে সু চির দুই ছেলেকেও মায়ের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না। মা মুক্তি পেতে পারেন—এই আভাস পেয়েই ছোট ছেলে কিম অ্যারিস (৩৩) তাঁর কাছে আসার জন্য রওনা হন। এরই মধ্যে কিম থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন। তবে তাঁকে মিয়ানমারে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, তা নিশ্চিত নয়।মুক্তির সম্ভাব্য কারণ: কোনো কোনো বিশ্লেষক মনে করছেন, বর্তমান জান্তা-সমর্থিত সদ্য গঠিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) সরকার গঠন করলে তাঁদের জন্য হুমকি হবেন না—এমন শর্তে হয়তো সু চিকে মুক্তি দিচ্ছে জান্তা সরকার। তবে তাঁর আইনজীবী নিয়ান উইন শুক্রবারই বলেছিলেন, সু চি শর্ত সাপেক্ষে মুক্তি নেবেন না।কারও কারও মতে, মুক্ত সু চিকে দেশে তাদের প্রধান শত্রু বলে মনে করে সামরিক জান্তা। তাই দীর্ঘদিন পর মুক্তি দিলেও সু চির ওপর জান্তার কিছু বিধি-নিষেধ থেকে যেতে পারে।৭ নভেম্বর মিয়ানমারে আন্তর্জাতিক মহলে বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার ঘোষিত আংশিক ফল অনুযায়ী জান্তা-সমর্থিত ইউএসডিপি ব্যাপক ভোটে এগিয়ে আছে। সু চির দলকে অংশ নিতে দেওয়া হয়নি বলে এই নির্বাচনে আগ্রহ ছিল খুবই কম। এএফপি, বিবিসি, রয়টার্স, এপি অনলাইন।