সু চিকে আজ সর্বোচ্চ সম্মাননা দেবে মার্কিন কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে মার্কিন কংগ্রেসের সর্বোচ্চ সম্মাননা ‘কংগ্রেসনাল গোল্ড মেডেল’ দেওয়া হবে। ২০০৮ সালে গৃহবন্দী থাকার সময় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। আজ বুধবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ তথ্য জানানো হয়।খবরে বলা হয়, আজ ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল রোটুনডায় আয়োজিত এক অনুষ্ঠানে সু চি ওই সম্মাননা গ্রহণ করবেন। পরে তিনি হাউস ও সিনেট নেতাদের সঙ্গে দেখা করবেন। অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও উপস্থিত থাকবেন।শান্তিতে নোবেলজয়ী সু চি ১৮ দিনের সফরে গত সোমবার ওয়াশিংটনে পৌঁছান। গতকাল মঙ্গলবার তিনি হিলারির সঙ্গে বৈঠক করেন। সফরকালে অন্তত ১০০টি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।১৯৮৯ সালে তত্কালীন জান্তা সরকার সু চিকে গৃহবন্দী করে। পরের বছর নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নিরঙ্কুশ জয়লাভ করলেও জান্তা সরকার ক্ষমতা হস্তান্তর করেনি; বরং সু চিসহ তাঁর দলের অসংখ্য নেতা-কর্মীকে কারাবন্দী করা হয়। ২০১০ সালে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান সু চি। এরপর পার্লামেন্টের উপনির্বাচনে তিনি জয়লাভ করেন।