সু চির অভিষেক (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের পার্লামেন্টে ঐতিহাসিক যাত্রা শুরু করলেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। আজ সোমবার নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করলেন দুই দশকের বেশি সময় ধরে গণতন্ত্র প্রতিষ্ঠায় চেষ্টারত সু চি।টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, জান্তা সরকারের রোষানলে পড়ে দীর্ঘদিন কারাবরণকারী নোবেলজয়ী সু চিকে রাজধানী নেপিডোতে পার্লামেন্টে আসন গ্রহণের সময় বেশ শান্ত মনে হচ্ছিল। পার্লামেন্টে সু চি বলেন, দেশের উন্নতির জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি।একটি অস্থির সময়ে পার্লামেন্টে যোগ দিলেন গণতন্ত্রের জন্য সংগ্রামী সু চি। একদিকে মিয়ানমারে সাম্প্রদায়িক সংঘাত ও শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষ দেশটির প্রতিশ্রুত পরিবর্তনের ক্ষেত্রে একটি ছাপ ফেলবে বলেই মনে করা হচ্ছে। বিপরীতে আশার ব্যাপারও আছে। কারণ, বেশ কয়েকজন কট্টরপন্থীর পরিবর্তে বর্তমান মন্ত্রিপরিষদে সংস্কারপন্থীরা জায়গা করে নিচ্ছেন। গত বছর জান্তা শাসনের সংস্কারের পর প্রথমবারের মতো পদস্থ সরকারি কর্মকর্তাদের মধ্যে এ পরিবর্তন হচ্ছে।জানা গেছে, চলতি বছরের এপ্রিলের আলোচিত উপনির্বাচনের পর সু চি ও তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ভিন্ন মতাবলম্বী ধারা থেকে মূলধারার রাজনীতিতে এসেছে। এ পরিবর্তনের অংশ হিসেবেই গত সপ্তাহে পার্লামেন্টে অভিষেক হওয়ার কথা ছিল সু চির। তবে ইউরোপে ক্লান্তিকর সফর ও বিভিন্ন নির্বাচনী এলাকা সফরের কারণে এনএলডির ৩৭ পার্লামেন্ট সদস্যের একজন, ৬৭ বছর বয়সী নেত্রী সে সময়ে পার্লামেন্টে যাননি। তবে সু চির সোমবারের অভিষেককে স্বাগত জানিয়েছে তাঁর দলের সাংসদেরা। এঁদের একজন মে উইন মিন্ট নেত্রীর পার্লামেন্ট অভিষেকে উল্লাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমরা তাঁকে (সু চি) সহায়তা করতে প্রস্তুত আছি।’ মিয়ানমারের পার্লামেন্ট এখনো সেনাবাহিনী ও তাদের রাজনৈতিক মিত্র পরিবেষ্টিত। তবে সু চির পার্লামেন্টে যাওয়া নিয়ে সন্তুষ্ট তাঁরা। এনএলডিও তাদের সন্তুষ্ট করতে আগে থেকেই একটি পথ তৈরি করে রেখেছে। এটি হলো এনএলডির আসনের এক-চতুর্থাংশ প্রতিপক্ষ সামরিক শক্তি ও মিত্রদের দিতে একটি সাংবিধানিক বিধান তৈরির পরিকল্পনা। এমন পরিস্থিতিতে পার্লামেন্টে সু চির আগমনকে স্বাগত জানিয়েছে ব্রিগেডিয়ার জেনারেল ওয়াই লিন। তিনি বলেন, তাঁর (সু চি) পার্লামেন্টে আসা শুভ লক্ষণ।ধারণা করা হচ্ছে, গত বুধবার শুরু হওয়া পার্লামেন্টের চলতি অধিবেশনে বেশ কিছু বিষয়ে আলোচনা হতে পারে। গত মাসে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের সঙ্গে রোহিঙ্গাদের সংঘাত ও উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানির ঘটনা অন্যতম। ওই সংঘাতের ফলে সংঘাতময় এলাকায় চলমান জরুরি অবস্থার নিরসনে সংসদীয় অনুমোদন বিষয়েও আলোচনা হতে পারে। তা ছাড়া দেশের রুগণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বিদেশি বিনিয়োগের জন্য নতুন একটি আইন প্রণয়নও আলোচনার বিষয়বস্তু হবে বলে মনে করা হচ্ছে। এমন ইঙ্গিত দিয়েছিলেন সু চিও। গত মঙ্গলবার তিনি বলেছিলেন, তাঁর দল পার্লামেন্টে যোগ দেবে এবং স্বচ্ছতা আনতে সহায়তা করবে।