সু চির কষ্ট, ভালোবাসা ও সংগ্রাম নিয়ে দ্য লেডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবেসে বিয়ে। এরপর সন্তান লালন-পালন করে ব্রিটেনের অক্সফোর্ডে দিনগুলো ভালোই কাটছিল তৎকালীন বার্মার অং সান সু চির। কিন্তু নিয়তি তাঁকে নিয়ে এল ভিন্ন পথে। অসুস্থ মাকে দেখতে সু চি দেশে ফিরলেন ১৯৮৮ সালে। দেশের অবস্থা তখন টালমাটাল। স্বৈরতন্ত্রের নিগড় থেকে দেশকে মুক্ত করতে গড়লেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দল।এরপর সু চির কঠিন সংগ্রামের জীবন শুরু। ১৯৯০ সালের নির্বাচনে বিশাল ব্যবধানে জিতল তাঁর দল। কিন্তু ক্ষমতা হস্তান্তর করল না জান্তা। উল্টো বন্দী করা হলো তাঁকে। বন্দিদশা আর যেন শেষ হয় না। এ সময় ক্যানসারে আক্রান্ত হলেন তাঁর অক্সফোর্ডের শিক্ষক স্বামী মিখায়েল অ্যারিস। অসুস্থ অ্যারিসকে মিয়ানমারে ঢুকতে দিল না জান্তা। তবে সাময়িকভাবে মুক্তি দেওয়া হলো সু চিকে। তাদের কৌশল ছিল, স্বামীকে দেখতে ব্রিটেনে গেলে আর দেশে ঢুকতে দেওয়া হবে না সু চিকে। ১৯৯৭ সালে মারা গেলেন অ্যারিস। দেশ এবং দেশের মানুষকে ভালোবেসে দেশেই রয়ে গেলেন সু চি। এরপর দফায় দফায় বন্দী, আবার মুক্তি।মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী সু চির কষ্টের ভালোবাসা আর কঠোর সংগ্রামী জীবনের গল্প এটা। সেই গল্প নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র দ্য লেডি। মিয়ানমারের মানুষ জান্তার চোখ রাঙানিতে তাঁকে সু চি নামে ডাকতে পারেন না। তাই তাঁরা প্রিয় নেত্রীকে দ্য লেডি নামেই ডাকেন। সে কারণে চলচ্চিত্রের এই নামকরণ।দ্য লেডি পরিচালনা করছেন ফরাসি পরিচালক লিক বেসো। সু চির ভূমিকায় আছেন মালয়েশীয় বংশোদ্ভূত হংকংয়ের অভিনেত্রী মিশেল ইয়ো, আর তাঁর স্বামী অ্যারিসের চরিত্রে ব্রিটিশ অভিনেতা ডেভিড থিউলিস। বেসোর ইউরোপাকর্প ও অ্যান্ডি হ্যারিসের লেফট ব্যাংক পিকচার্স প্রযোজনা করছে ছবিটি। চিত্রনাট্য লিখেছেন হ্যারিসের স্ত্রী ঔপন্যাসিক রেবেকা ফ্রেইন। চিত্রায়ণ করা হয়েছে অক্সফোর্ডে। ছবির কাজ প্রায় শেষ। শিগগিরই ছবিটি মুক্তি পাবে বলে পরিচালক জানিয়েছেন।সু চিকে জোয়ান অব আর্কের চেয়েও সাহসী বলেই মনে করেন পরিচালক বেসো। এই চলচ্চিত্রের মাধ্যমে সু চির চলমান লড়াই আরও পরিচিতি পাবে বলে আশা করছেন তিনি। বেসো বলেন, ‘এটা অস্ত্রহীন এক নারীর সংগ্রাম। অস্ত্র তাঁর দয়ালু মন ও মানসিক দৃঢ়তা। তিনি অনেকটা গান্ধীর (মহাত্মা) মতো।’ পরিচালক বলেন, ‘ইতিহাসে আপনি এমন নারীর দেখা পাবেন কদাচিৎ, যিনি কখনো মন্দ কথা বলেননি, কিছু গোপন করেননি এবং অন্যায়ভাবে কিছু করেননি। অথচ ২৪ বছর তাঁকে গৃহবন্দী করে রাখা হলো, এটা মস্তিষ্কবিকৃতি ছাড়া কিছুই নয়।’সু চিকে নিয়ে ছবির চিন্তা প্রথম মাথায় আসে হ্যারিস দম্পতির। সেটা ১৯৯০-এর দশক। হ্যারিস এবং তাঁর স্ত্রী রেবেকা ফ্রেইন ঘুরতে গিয়েছিলেন তৎকালীন বার্মায়। হ্যারিস বলেন, ‘আমরা যখন বার্মায় যাই, তখন সু চির দল সবে নির্বাচনে জিতেছে, কিন্তু তাঁকে (সু চি) করা হয়েছে গৃহবন্দী। আমাদের জন্য তা এক নিদারুণ অভিজ্ঞতা। একদিকে প্রাকৃতিকভাবে সুন্দর একটি দেশ, অন্যদিকে ভীতসন্ত্রস্ত একটা পরিবেশ। আছে দারিদ্র্য আর মানুষের দুঃখ-কষ্ট। আমাদের কোথাও ঘুরতে দেওয়া হলো না, আমাদের সঙ্গে কথা বলতেও মানুষ ভয় পায়। সেই অভিজ্ঞতা আমাদের দুজনের ওপর দীর্ঘ প্রভাব ফেলে।’সর্বশেষ গৃহবন্দিত্বের মেয়াদ শেষে গত নভেম্বরে মুক্তি পেয়েছেন সু চি। পরিচালক ও প্রযোজকেরা আশা করছেন, সু চির সঙ্গে কথা বলতে পারবেন অভিনেত্রী মিশেল ইয়ো। অসাধারণ এক সংগ্রামী নারীর চরিত্র সেলুলয়েডের ফিতায় বন্দী হবে তো তাঁরই অভিনয়দক্ষতায়।হ্যারিস বলেন, ‘ছবির কাহিনি এবং আমরা যা বলতে চাই, তাঁর অধিকাংশই মানুষ জানে না। এটি একটি চমৎকার ভালোবাসার কাহিনি।’ গার্ডিয়ান অনলাইন।