সু চির মুক্তির আদেশে ‘সামরিক জান্তা স্বাক্ষর’ করেছে
শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির মুক্তির আদেশে সামরিক জান্তা স্বাক্ষর করেছে বলে বিভিন্ন সূত্রের খবরে বলা হচ্ছে। সু চি গত ২১ বছরের মধ্যে ১৫ বছর ধরে বন্দী আছেন। গত বছর তাঁর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু একজন মার্কিন নাগরিক তাঁর গৃহে অবৈধভাবে প্রবেশ করার অপরাধে সামরিক জান্তা তাঁকে আরও ১৮ মাস গৃহবন্দী করে রাখে। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত গৃহবন্দিত্বের বিরুদ্ধে সু চির করা আবেদন খারিজ করে দেন।খবরে বলা হচ্ছে, ইয়ানগুনে সু চির বাসভবনের বাইরে এরই মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে তাঁর মুক্তির বিষয়ে কিছুই নিশ্চিত করা হয়নি।এদিকে সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতারা দলটির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বলে জানা গেছে। তাঁরা সু চির মুক্তির সেই মাহেন্দ্রক্ষণের জন্য অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন। বিবিসি।