সুইজারল্যান্ডে গুলিতে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ডের একটি গ্রামে গতকাল বুধবার রাতে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও দুজন আহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আহত অবস্থায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।পুলিশ ও সুইজারল্যান্ডের একটি ওয়েবসাইটে প্রকাশিত খবরের বরাত দিয়ে রয়টার্স জানায়, গতকাল স্থানীয় সময় রাত আটটা ৫০ মিনিটে মদ্যপ অবস্থায় এক ব্যক্তি (৩০) রাইফেল নিয়ে ডেইলন নামের ওই গ্রামে সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে তিনজন নিহত ও দুজন আহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ৮০ বছরের এক নারী রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্দেহভাজন ওই ব্যক্তি পুলিশকে হুমকি দেন। এ সময় পুলিশ তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি আহত হন। পরে আহত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। আজ সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবে পুলিশ।সুইজারল্যান্ডে সরকারের নাগরিকের আত্মরক্ষার আইন অনুযায়ী, দেশটির অধিকাংশ নাগরিকের কাছে অস্ত্র রয়েছে। তবে ইউরোপের অন্যতম ধনী এই দেশে এ ধরনের গণহত্যার ঘটনা বিরল।