সুইজারল্যান্ডের আশঙ্কা ইনজুরি নিয়ে
দক্ষিণ আফ্রিকায় আসন্ন বিশ্বকাপে সেরাদের কাতারে নেই সুইজারল্যান্ড। কিন্তু যতটুকু সামর্থ্য ছিল তাও আশঙ্কায় ফেলে দিয়েছে ইনজুরি। বিশ্বকাপে এ কারণেই সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন ইনজুরি জর্জরিত সুইজারল্যান্ড দলের কোচ ওটমার হিজফেল্ড নিজেই।সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার বের করে এনেছে সুইজারল্যান্ড। কিন্তু দুর্বল ঘরোয়া লিগে খেলে ইনজুরি বাধিয়ে অনেক ফুটবলারকে দলের বাইরে চলে যেতে হয়েছে। কেউবা আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। তবে আসন্ন বিশ্বকাপে সুইজারল্যান্ডের মাথাব্যথা দলের অন্যতম দুই ফুটবলার ৩০ বছর বয়সী অ্যালেক্স ফ্রে ও ব্লেইস কুফুকে নিয়ে। দুই ফুটবলারই ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন। তার পরও আশায় বুক বাঁধছেন দুবার করে বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ী সুইস কোচ। রয়টার্সকে হিজফিল্ড বলছেন, ‘জয়ের ক্ষুধা এখনো শেষ হয়ে যায়নি। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারলেই খুশি আমরা।’দক্ষিণ আফ্রিকায় কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখতেই পারেন হিজফেল্ড। এ পর্যন্ত আটটি বিশ্বকাপে অংশ নিয়ে তিনটিতে কোয়ার্টার ফাইনালে খেলেছে সুইজারল্যান্ড। গতবারও তারা দ্বিতীয় রাউন্ড পর্যন্ত খেলেছে। কিন্তু এবারের বিশ্বকাপে সুইসরা প্রথম রাউন্ডের বাধা অতিক্রম করতে পারে কি না সন্দেহ রয়েছে। কারণ, ‘এইচ’ গ্রুপে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ স্পেনের দ্বিতীয় রাউন্ড নিয়ে চিন্তা করার কারণ নেই। বাছাইপর্বে চিলি যেভাবে খেলে এসেছে তাতে তারাও পরবর্তী রাউন্ডে ওঠার অন্যতম দাবিদার। অন্যদিকে বাছাইপর্বে ঘাম ঝরিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে সুইজারল্যান্ড ও চিলি। স্পেন-চিলি দ্বিতীয় রাউন্ডে উঠে গেলে হন্ডুরাস ও সুইজারল্যান্ডকে বিদায় নিতে হবে প্রথম রাউন্ড থেকেই।