সুইজারল্যান্ডের উৎসবে বাংলাদেশের আটটি ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ডের ফ্রিবোর্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শনের জন্য আলাদা একটি বিভাগ রাখা হয়েছে। বিশেষ এই বিভাগটির নাম ‘নিউ টেরিটোরি’। বিভাগটিতে বাংলাদেশের আটটি চলচ্চিত্র প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা। ঢাকার সুইজারল্যান্ড দূতাবাসের গবেষণা ও যোগাযোগ কর্মকর্তা খালেদ ইকবাল চৌধুরী বলেন, ‘সুইস-বাংলা কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে দূতাবাস থেকে আমরা উৎসবের আয়োজকদের সঙ্গে যোগাযোগ করি। তাঁরাও বিষয়টিকে আন্তরিকতা এবং গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। আর সে কারণেই উৎসবে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আলাদা একটি বিভাগ রাখার সিদ্ধান্ত নেন তাঁরা। এর আগে সুইজারল্যান্ডের কোনো চলচ্চিত্র উৎসবে শুধু বাংলাদেশকে গুরুত্ব দিয়ে আলাদা কোনো বিভাগ রাখা হয়নি।’২৪ মার্চ সুইজারল্যান্ডের ফ্রিবোর্গ শহরে শুরু হচ্ছে আট দিনের এই উৎসব। আয়োজকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উৎসবের দ্বিতীয় দিন রানওয়ে ছবির প্রদর্শনীর আগে এর পরিচালক প্রয়াত তারেক মাসুদের স্মৃতির প্রতি সম্মান জানানো হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাঁরা আমন্ত্রণ জানিয়েছেন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদকে। খালেদ জানান, এরই মধ্যে উৎসবে প্রদর্শনের জন্য বাংলাদেশ থেকে তারেক মাসুদের মাটির ময়না ও রানওয়ে, নাসির উদ্দীন ইউসুফের গেরিলা, এনামুল করিম নির্ঝরের আহা!, গোলাম রাব্বানী বিপ্লবের স্বপ্নডানায় এবং গৌতম ঘোষের মনের মানুষ চূড়ান্ত করা হয়েছে। একই উৎসবে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের পররাষ্ট্র দপ্তরের যৌথ উদ্যোগে জিএমবি আকাশের তোলা আলোকচিত্র নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে।