সুইডেনের বাংলাদেশি শ্রমিকদের কাছে সাহায্য পাঠিয়েছে রেডক্রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইডেনে স্ট্রবেরি ফলের বাগানে কাজে যাওয়া প্রতারিত বাংলাদেশি শ্রমিকদের কাছে গরম কাপড় পাঠিয়েছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেডক্রস। শুক্রবার তাঁদের কাছে এ সাহায্য পাঠানো হয়। ওই এলাকার তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে হওয়ায় বাংলাদেশি শ্রমিকেরা প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন। সুইডেনের ইংরেজি দৈনিক লোকাল আজ রোববার এ সংবাদ প্রকাশ করে।সংবাদে বলা হয়, স্টকহোম থেকে ৬০০ কিলোমিটার দূরে উত্তরের জঙ্গলে আটকা পড়েছেন বাংলাদেশি শতাধিক স্ট্রবেরি শ্রমিক। ওই এলাকার তাপমাত্রা শূন্যের নিচে হওয়ায় তাঁরা চরম কষ্ট পাচ্ছেন। সেখানকার শ্রমিকদের কাছে উষ্ণ কাপড় ও জুতা পাঠিয়েছে রেডক্রস।রেডক্রসের সুইডেনের কর্মকর্তা আলভা ভ্যাল অলসন জানিয়েছেন, ওই শ্রমিকেরা অমানবিক পরিবেশে আছেন। তাঁদের সহায়তা দেওয়া খুব জরুরি। তিনি বলেন, প্রতি বছর স্ট্রবেরি তুলতে আসা শ্রমিকেরা একইভাবে বিপদে পড়ছেন।জানা গেছে, বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওয়ার্কফোর্সের মাধ্যমে সুইডেনে ওই বাংলাদেশিদের নিয়ে গিয়েছিলেন আবু বকর সিদ্দিক নামের এক ব্যক্তি। কথা ছিল তিন মাস কাজ করে ওই শ্রমিকেরা দেড় লাখ টাকা বেতন পাবেন। পরে ইউরোপের অন্যান্য দেশে চলে যেতে পারবেন।সুইডেনের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব খন্দকার মাসুদুল আলম টেলিফোনে প্রথম আলোকে জানিয়েছেন, এ বছর বাংলাদেশ থেকে ২৮১ জন শ্রমিক স্ট্রবেরি ফল তুলতে সুইডেনে এসেছেন। কিন্তু তাঁরা কাজ বা বেতন কোনোটাই পাচ্ছেন না। যে পরিবেশে তাঁরা আছেন, সেটিও অমানবিক। এ ছাড়া সুইডেনের উত্তর দিকের যে জঙ্গলে তাঁদের স্ট্রবেরি ফল তোলার কাজে নেওয়া হয়েছে, সেখানকার পরিবেশও ভয়াবহ। সুইডেনের লেবার ইউনিয়নকে ঘটনাটি জানানো হয়েছে। এ ছাড়া দূতাবাস থেকেও শ্রমিকদের খোঁজখবর রাখা হচ্ছে।