সুইডেনের স্টকহোমে দুটি বিস্ফোরণ, এক হামলাকারী নিহত
সুইডেনের রাজধানী স্টোকহোমের কেন্দ্রস্থলে গতকাল শনিবার রাতে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক হামলাকারী নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে।এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কার্ল বিল্ডি এ বিস্ফোরণের ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন। সুইডেন পুলিশের মুখপাত্র কেজলি লিন্ডগ্রিন বলেছেন, এই দুটি বিস্ফোরণের ঘটনা পরস্পরের সঙ্গে সম্পর্কিত কি না, তা নিয়ে তদন্ত চলছে। সুইডেনের বার্তা সংস্থা টিটি জানিয়েছে, আফগানিস্তানে সুইডিস সেনাদের উপস্থিতি এবং এক বছর আগে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ করার বিষয়ে হুমকি দিয়ে তাদের একটি চিঠি দেওয়া হয়। চিঠিটি পাওয়ার পরই এ ঘটনা ঘটেছে। প্রথম বিস্ফোরণটি ঘটেছে স্টকহোমের কেন্দ্রস্থলে একটি গাড়িতে। পুলিশ বলছে, গাড়িটির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটেছে। আর দ্বিতীয় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে প্রথম বিস্ফোরণস্থল থেকে ৩০০ মিটার দূরে। এখানে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বিস্ফোরণ ঘটাতে গিয়ে ওই ব্যক্তি নিজেকে উড়িয়ে দিয়েছেন। এ ছাড়াও এ বিস্ফোরণটিতে অপর দুই ব্যক্তি আহত হয়েছেন। —বিবিসি।