সুইমিং পুল নির্মাণ বন্ধ করতে বেলার নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী লালদীঘির একাংশ ভরাট করে সুইমিং পুল নির্মাণ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। তিন সপ্তাহ ধরে তারা এখানে সুইমিং পুল নির্মাণের কাজ করছে।তাদের এই কার্যক্রমের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন মহল। লালদীঘিতে সুইমিং পুল নির্মাণ বন্ধের দাবি জানিয়ে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।সিটি করপোরেশনের মেয়র, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলরকে এই নোটিশ দেওয়া হয়। এতে বলা হয়, ‘দেশের সব পৌর এলাকার জলাধার ভরাট করা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও জলাধার সংরক্ষণ আইনে শাস্তিযোগ্য অপরাধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে জনস্বার্থ উপেক্ষা করে দিঘিভরাট কার্যক্রম আপনাদের ব্যর্থতার অংশ।’অবিলম্বে সুইমিং পুল নির্মাণকাজ বন্ধ করে দিঘির ভরাট করা অংশ আগের অবস্থায় ফিরে নেওয়ার দাবি জানানো হয় নোটিশে। চার দিনের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।প্রসঙ্গত, কিছুদিন ধরে লালদীঘির একাংশ ভরাট করে সুইমিং পুল নির্মাণের কাজ শুরু করে সিটি করপোরেশন। দিঘির একপাশে পানির অংশে দেয়াল তুলে সুইমিং পুলের জায়গা আলাদা করার কাজ চলছে এখন।অভিযোগ প্রসঙ্গে আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, ‘বেলার নোটিশ এখনো আমি পাইনি। সিটি করপোরেশন যদি নালা নর্দমা তৈরি করতে পারে, তাহলে চট্টগ্রামের উন্নয়নের জন্য সুইমিং পুল করতে পারবে না কেন? সুইমিং পুল নির্মাণ এলাকার লোকজনের একটি দাবি ছিল।’