সুইমিং পুলে জলকেলি
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সুইমিং পুলে সাঁতার কাটতে আসেন অনেকেই। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পাশের এ পুলটি দৈর্ঘ্য ও প্রস্থে আন্তর্জাতিক মানের। কিন্তু পানি ফিল্টার করার তেমন কোনো ব্যবস্থা নেই। তবে নিয়মিত ক্লোরিনেশন করে (ক্লোরিন মিশিয়ে জীবাণু মারা) পরিষ্কার রাখা হয়। মিরপুর-২ স্টেডিয়ামের পাশে ন্যাশনাল সুইমিং কমপ্লেক্সেও দিনের বিভিন্ন সময় সাঁতার কাটতে আসে লোকজন। তবে খরচটা তুলনামূলকভাবে এখানে বেশি পড়ে।একান্ত মেয়েদের ব্যবহারের জন্যই রয়েছে মহিলা ক্রীড়া সংস্থার সুইমিং পুল। আন্তর্জাতিক সুইমিং পুলের মাপেই তৈরি করা এই পুলে রয়েছে পানি ফিল্টারেশনের ব্যবস্থা। তাই পানি সব সময় পরিষ্কার পাওয়া যায়। আট বছরের বেশি বয়সের মেয়েরা এখানে আসতে পারে সাঁতার শিখতে এবং সাঁতার কাটতে। সরকারি কর্মকর্তা না হলেও বেইলি রোডের অফিসার্স ক্লাবের সুইমিং পুলে সাঁতার কাটা যায়। সে জন্য ক্লাবের সদস্য হওয়ার প্রয়োজন পড়ে না। এই পুলটি বেশ আধুনিক। কেননা, এখানে ওয়াটার ফিল্টারের পাশাপাশি রয়েছে পানি গরম করার ব্যবস্থা। তাই আগ্রহ থাকলে গ্রীষ্ম, বর্ষা, শীত অর্থাৎ প্রায় সারা বছরই সাঁতার কাটা সম্ভব এখানে। রেস্তর পরিমাণটাও অবশ্য অন্যান্য জায়গার তুলনায় প্রায় দ্বিগুণ।অফিসার্স ক্লাবের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে শুধু এখানকার ছাত্রছাত্রীরাই সাঁতার কাটতে পারেন, এমনটা ভেবে থাকলে সে ভুল ভেঙে যাবে এখানে এলেই। কেননা, বাইরের লোকজনের জন্যও বাড়তি ফিতে টলটলে সুইমিং পুল ও ড্রাইভিং পুলে সাঁতার কাটার বন্দোবস্ত রয়েছে।ঢাকার পাঁচতারা হোটেলগুলোর পুলগুলো বনেদি, তার ওপর সুন্দর আর পরিষ্কার। তাই এখানে সাঁতার কাটার মজাই অন্য রকম। এসব পুলে সাঁতার কাটতে চাইলে স্বাভাবিকভাবেই বেশ ভালো রকম পয়সা খরচ করতে হবে। এই যেমন—সারা বছরের জন্য যদি কেউ ইচ্ছেমতো শেরাটন হোটেলের সুইমিং পুল ব্যবহার করতে চান, তাহলে সে ক্ষেত্রে দিতে হবে ৪৫ হাজার টাকা। তবে অত ঝক্কিঝামেলায় যাঁরা যেতে চান না, তাঁদের জন্য আছে দৈনিক বন্দোবস্ত। অনূর্ধ্ব ১২ বছর হলে ৬০০ টাকায় এবং ১২ বছরের ওপরের যে কারও জন্য এক হাজার ২০০ টাকায় এক দিন সাঁতার কাটার ব্যবস্থা রয়েছে। হোটেল র্যাডিসন ওয়াটার গার্ডেন এক দিনের জন্য লাগে এক হাজার ৫০০ টাকা।সুইমিং পুল ব্যবহারের কিছু সর্বজনীন নিয়মকানুন রয়েছে; যেমন, কোনো ধরনের চর্মরোগ বা অন্য কোনো ছোঁয়াচে রোগ থাকলে আপনি এই পুল ব্যবহার করতে পারবেন না। পুলে নামার আগে গোসল করে নিতে হবে এবং অবশ্যই সাঁতারের পোশাক পরে পুলে নামতে হবে।