সুইস পর্যটন ট্রেন লাইনচ্যুত হয়ে ১ জন নিহত, আহত ৪২
সুইজারল্যান্ডের বিখ্যাত পর্যটন ট্রেন গ্ল্যাসিয়ার এক্সপ্রেস গতকাল শুক্রবার লাইনচ্যুত হলে একজন যাত্রী নিহত ও অন্তত ৪২ জন আহত হয়। রেলওয়ে কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স আজ শনিবার এ তথ্য জানায়।সুইজারল্যান্ডের সংবাদমাধ্যমগুলো জানায়, আহতদের অধিকাংশই জাপানি পর্যটক, যাঁরা ট্রেনটির পেছন দিকের প্রথম শ্রেণীর কামরাগুলোয় ভ্রমণ করছিলেন। এই কামরাগুলোই লাইনচ্যুত হয়। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।গ্ল্যাসিয়ার এক্সপ্রেস সেন্ট মোরিজ রিসোর্ট থেকে ম্যাটারহর্ন পর্বতের নিকটবর্তী জারমাটে যায়।গতকাল দুপুরের কিছু আগে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি তখন ২১০ জন যাত্রী নিয়ে সুইজারল্যান্ড ও ইতালির সীমান্তবর্তী ল্যাক্সের স্কি রিসোর্ট ও ফিয়েশ গ্রামের মাঝামাঝি স্থলে অবস্থিত একটি সেতু পার হচ্ছিল। এ সময় লাইনচ্যুত তিনটি কামরার দুটি নিচে পড়ে যায় এবং তৃতীয়টি একটি বৈদ্যুতিক তারের খুঁটিতে আটকে ঝুলে থাকে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১৫০ জনেরও বেশি শ্রমিক, কয়েকটি হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স, কয়েকজন চিকিত্সক ও অগ্নিনির্বাপণ কর্মীদের একটি জরুরি উদ্ধার টিমের অংশ হিসেবে দ্রুত দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায়। একজন সুইস যাত্রী সুইস টেলিভিশনকে বলেন, ‘আমরা প্রচণ্ড ধাক্কা অনুভব করি এবং দেখি যে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে।’ভালাইস ক্যান্টন পুলিশের মুখপাত্র জ্যাঁ-মেরি বোরনেট বলেন, ট্রেনটি তেমন দ্রুতগতিতে চলছিল না এবং একটি বাঁক নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।বোরনেট সুইস টেলিভিশনকে বলেন, ‘এ স্থানে ট্রেনটির লাইনচ্যুত হওয়া সত্যি বিস্ময়কর। এই ট্র্যাজেডির এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।’ সুইজারল্যান্ডে মারাত্মক ট্রেন দুর্ঘটনা খুবই কমই ঘটে।