সুইস-বাংলা মৈত্রী ও সংগীত উত্সবে গাইল স্টার্ক ও লালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উত্সব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গান করল স্টার্ক ও লালন। গতকাল ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আয়োজিত এ অনুষ্ঠানে গান করে দুই দেশের এই দুটি জনপ্রিয় ব্যান্ড দল। বিকেল চারটা থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি চলে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। দুটি দলেরই নিজস্ব গানের পাশাপাশি ছিল যৌথ পরিবেশনাও। সুইস দূতাবাসের গবেষণা ও যোগাযোগ কর্মকর্তা খালেদ ইকবাল চৌধুরী জানান, ২০১২ সালে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে ঢাকার সুইস দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে ১৭ নভেম্বর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আয়োজন করা হয়েছে ‘সুইস-বাংলা মৈত্রী ও সংগীত উত্সব ২০১১’। খালেদ ইকবাল আরও জানান, জনপ্রিয় পপ সুইস ব্যান্ড স্টার্ক তরুণ সাত বন্ধু মিলে গড়েছেন। গত কয়েক বছরে সুইজারল্যান্ডে দুই শতাধিক অনুষ্ঠান করেছে ব্যান্ডটি। এ ছাড়া ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে অনুষ্ঠান করে তাঁরা সুনাম কুড়িয়েছেন। মূলত মৈত্রীর বারতা নিয়ে এসেছেন তাঁরা। তাঁদের সঙ্গে বাংলাদেশের লোকসংগীতভিত্তিক রক ব্যান্ড লালন ও ফিউশন ব্যান্ড ওল্ড স্কুল পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা এনে দিয়েছে। সুইস-বাংলা মৈত্রী ও সংগীত উত্সব ২০১১ অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত। এর আগে ১৫ নভেম্বর ধানমন্ডির গ্যেটে ইনস্টিটিউটে লালনের সঙ্গে যৌথ অনুষ্ঠানের মাধ্যমে স্টার্কের বাংলাদেশ সফর শুরু হয়।