সুইসের সকাল-সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাপিটাল বেকারি আমাদের বাড়ির কাছে। এটা ঘিরে আমার ছেলেবেলার অনেক স্মৃতি আছে। বেকারির মালিকের ছেলে জুয়েলের সঙ্গে বন্ধুত্বের সুবাদে সেখানে প্রায় দিন যাতায়াত ছিল। ক্যাপিটালেই বাইরের খাবারের সঙ্গে আমার প্রথম পরিচয়। তা বহু দিন আগের কথা। একপর্যায়ে জুয়েলরা কলতাবাজার ছেড়ে বেইলি রোডে চলে যায়। আমরা কয়েকজন বন্ধু মিলে প্রায়ই সেখানে যেতাম। জুয়েলরা যে বাড়িতে থাকত তার পাশের বাড়িটির মালিক আবদুল কাদের। তিনি আবার জুয়েলের বাবার ব্যবসায়িক অংশীদার। তার আগে কলতাবাজারে আমাদের পাশের বাড়িতে থাকলেও আবদুল কাদেরের পরিবারের সঙ্গে আমাদের সেভাবে সখ্য হয়নি।বেইলি রোডে যখন যেতাম তখন খুব আশ্চর্য হয়ে একটি ছেলেকে লক্ষ করতাম, কাওয়াসাকি মোটরসাইকেল হাঁকিয়ে সাঁইসাঁই করে এ মাথা থেকে ও মাথা দাপিয়ে বেড়াচ্ছেন। সে সময়ের বেইলি রোডের নীরবতার মধ্যে তাঁর সরব উপস্থিতি ছিল নজরকাড়া। দিনে দিনে জানলাম তিনি উলফাত কাদের, আবদুল কাদেরের বড় ছেলে। বড় হতে হতে বন্ধুদের সঙ্গে বেইলি রোডে যাওয়া কমে আসে। দীর্ঘ বিরতির পর যেদিন আবার বেইলি রোডে গেলাম, তখন লক্ষ করলাম ক্যাপিটাল কনফেকশনারি থেকে একটু দূরে একই সারিতে নতুন একটি ফাস্টফুডের দোকান গড়ে উঠেছে। নাম সুইস বেকারি। উলফাত কাদেরদের পরিবারই সেটার স্বত্বাধিকারী। সে সময়কার খাবারের বাইরে তারা নতুন নতুন খাবার পরিবেশন করছে। বার্গার, ফ্রাইড চিকেন, সাসলিক, প্যাটিসসহ নানা খাবারের সমারোহ তাতে। সেই সমারোহে একদিন আমিও ভিড়ে গেলাম। শুরু হলো সুইসে যাতায়াত। সেটা সম্ভবত ১৯৮৫ সালের ঘটনা। বেইলি রোড নাটকপাড়া সবে জমে উঠতে শুরু করেছে, সঙ্গে সুইস বেকারি। এখানে এসে নতুন নতুন খাবারের স্বাদ পেয়ে ভিড় করে বা দল বেঁধে সবাই সুইসে আশা শুরু করল। একদিন চলতিপথে লক্ষ করলাম, বেইলি রোড দিয়ে যাওয়ার সময় এক দম্পতি তাঁর তিন বছরের ছেলেকে বোঝাতেই পারছিলেন না, ‘তোমার জন্মদিনের কেকের ফরমায়েশ দেওয়া হয়ে গেছে, আগামী বছর আবার তোমার জন্য সুইসের কেক নেব।’কিন্তু ছেলের এক কথা, সুইসের কেক চাই-ই চাই! শেষে সন্তানের আবদারের কাছে বাবা-মাকে হার মানতেই হয়। এর মধ্যে উলফাত কাদের দেশের বাইরে চলে গেলে সুইস বেকারির পরিচালনায় বেশ সমস্যা দেখা দেয়, তারপর আবার যখন উলফাত কাদের দেশে ফিরে আসেন, তত দিনে সুইস বেকারির একক কর্তৃত্ব চলে আসে উলফাত কাদেরের হাতে। এবার তিনি গ্রাহকদের পছন্দ বুঝে আরও বেশি মানসম্মত খাবার পরিবেশনে মনোযোগী হন। আর এভাবেই আজও ভোজনশিল্পে মাহাত্ম্য নিয়ে দাঁড়িয়ে আছে সুইস বেকারি। এখন বিশ্বকাপ ক্রিকেটের মৌসুম, উলফাত কাদের ক্রিকেট বলের আদলে চকলেট মেশানো একধরনের খাবার রেখেছেন সুইস বেকারিতে। যার নাম ‘সুইস বল’। দেদার বিক্রি হচ্ছে সেই বল। এভাবেই তিনি সব সময় তাঁর খাবারে সময়োপযোগী এবং ভিন্ন কিছু আনার চেষ্টা করেন। সেটা কি স্বাদে, কি সৌন্দর্যে, যেভাবেই আমরা বলি না কেন।সুইস বেকারির খাবার মানেই একেবারে আলাদা কিছু! আমার প্রিয় একটি খাবার চিকেন সাসলিক। এটি বড় বড় রেস্তোরাঁর খাবার। সুইস বেকারি সেটা তাদের মেন্যুতে যোগ করার পর আমার মতো অনেকেই কেবল সাসলিক খেতে সুইসে ঢুঁ মারে। জন্মদিন হোক আর না হোক, সুইসের কেকের যে কী জনপ্রিয়তা, তা সন্ধ্যার পর সুইস বেকারিতে গেলেই বোঝা যায়। এ ছাড়া এখানে প্রতিদিনের মেন্যুতে আছে প্যাটিস, বার্গার, স্যান্ডউইচ, কেক, রকমারি রোল, চিকেন পিৎ জা, চিকেন চিজ বার্গার, চিকেন উইং, প্যারালাইন পেস্ট্রি, চকলেট রোল, ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রিসহ নানাবিধ খাবার। শতভাগ খাঁটি ঘি দিয়ে এখানে এসব খাবার তৈরি করা হয়। শুধু তা-ই নয়, কোনো কিছু গোপন না করে বেইলি রোডেই সুইসের কারখানায় এসব খাবার তৈরি হয়। সেসব খাবারের জন্য সকাল-সন্ধ্যা সুইস বেকারিতে ভিড় থাকে ভোজনপ্রিয়দের।গত সপ্তাহে আমি সাসলিক খাওয়ার জন্য এবং অনেক দিন উলফাত কাদেরের সঙ্গে দেখা না হওয়ায় বেইলি রোডে সুইস বেকারিতে যাই। সুইসের কারখানার কাছে আমার মোটরসাইকেল রাখতে গিয়ে এক ভদ্রমহিলাকে হন্তদন্ত হয়ে ছুটতে দেখে ‘কী হয়েছে’ জানতে চাই। তিনি উত্তরে বলেন, ‘সুইস বেকারি কি উঠে গেল! আজ আমার মেয়ের জন্মদিন। জন্মদিনে সে আবার সুইসের কেক ছাড়া অন্য কোনো কিছু মুখে দেবে না!’ আমি ইশারায় রাস্তার ওপারে সুইস বেকারি দেখিয়ে দিতেই তিনি ছুট লাগান। পরে জেনেছিলাম উন্নয়নকাজের জন্য ওপারে সুইসের দোকান ঘর বেশ কিছুদিন বন্ধ ছিল। তখন এপারে কারখানার সামনের অংশে ভোজনরসিকদের খাতিরে সুইস বেকারি চালিয়ে নিতে হয়। এখন অস্থায়ী স্থানটি আর না থাকায় ভদ্রমহিলা ভেবেছিলেন, সুইস বুঝি উঠে গেল! সুইসের প্রতি এমন টান ভোজনপ্রিয়দের। এমন চাহিদা থাকলেও আপাতত সুইস বেকারির কোনো শাখা খোলার ইচ্ছে নেই উলফাত কাদেরের। শুধু বেইলি রোডেই থাকছে সুইস বেকারি। তাই সুইসের স্বাদ পেতে আসতে হবে বেইলি রোডেই।