সুখদর্শন দেখে সুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলটির ‘সুখদর্শন’ নামটি যথার্থ। কারণ ফুলটি দেখে যেমন সুখ পাবেন, তেমনি পুলকিত হবেন বর্ণবৈভবে, আর সুগন্ধে হবেন উদ্বেলিত। তবে পোশাকি নাম কিন্তু টাইগার লিলি। অনেক ফুলেরই দীর্ঘদিন ধরে অনেকগুলো বিদেশি নাম বয়ে বেড়াতে হচ্ছে। গাছপালা কোনো ভৌগোলিক সীমারেখায় সীমাবদ্ধ থাকে না বলেই পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকেই তারা তাদের প্রিয় আবাস খুঁজে নিচ্ছে। সেই সূত্রে এ অঞ্চলেও এসেছে অনেক দূর-দূরান্তের গাছ। কিন্তু আমরা তাদের নাম দিয়ে আপন করে নিতে পারিনি।ইদানীং আমাদের দেশে অনেক ধরনের লিলি পাওয়া যায়, কিন্তু বেশির ভাগ লিলিরই কোনো বাংলা নাম নেই। সে তুলনায় সুখদর্শন (Crinum amabile) ভাগ্যবতী। তার একটা সুন্দর নাম জুটেছে। রূপ-গন্ধের জন্যই কি এমন পক্ষপাত! তবে স্পাইডার লিলি বা অন্যান্য লিলির মতো ফুল খুব একটা সহজলভ্য নয়। ঢাকায় বলধা গার্ডেন, শিশু একাডেমীর বাগান, ইস্কাটন লেডিস ক্লাব, মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানসহ কারও কারও ব্যক্তিগত বাগানেও চোখে পড়ে। কেউ কেউ টবেও চাষ করেন। ফুলের ভারে দীর্ঘ মঞ্জরিদণ্ড মাটিতে গড়ায় বলে অনেক সময় চোখ এড়িয়ে যায়। গাছ পেঁয়াজকন্দীয়, কাণ্ড অনেকটা কাঠকচুর মতো, গোড়ায় পাতার গুচ্ছসহ এক মিটারের মতো উঁচু হতে পারে। পাতা আনারসের পাতার মতো লম্বা, তবে গড়নের দিক থেকে আরও পুরু, ভারী, আগা চোখা ও উজ্জ্বল সবুজ। ফুল ফোটার প্রধান মৌসুম গ্রীষ্মের শেষ ভাগ থেকে বর্ষা অবধি।বর্ষার ভেজা বাতাসে মধুর সুবাস ভেসে বেড়ায়। বছরের অন্যান্য সময়েও দু-একবার ফুটতে দেখা যায়। পাতার কোল থেকে বের হওয়া লম্বা, চ্যাপ্টা ও পুরু মঞ্জরিদণ্ডের আগায় আবৃত অনেকগুলো গাঢ় বেগুনি কলি ক্রমান্বয়ে ফুটতে থাকে। ফুল সুগন্ধি ও লম্বা, দলনলের আগায় ছড়ানো ছয়টি পাপড়ির ওপরটা সাদাটে, নিচের দিকে গাঢ় বেগুনি বা গাঢ় লাল। এদের মধ্যে লোটিফেলিয়া প্রজাতির ফুল সাদা এবং এশিয়াটিকাম প্রজাতির ফুল প্রথমোক্তটির মতো। তবে আকারে ছোট ও পাপড়ির নিচে হালকা বেগুনি। জন্মস্থান দক্ষিণ আফ্রিকা হলেও বর্তমানে পৃথিবীর প্রায় সব উষ্ণমণ্ডলীয় অঞ্চলেই ছড়িয়ে পড়েছে। আমেরিকার ফ্লোরিডা, টেক্সাস, কলোরাডো ও ক্যালিফোর্নিয়ায় এর চাষ হয়। বাগানে লিলি ফুলের বৈচিত্র্য সৃষ্টিতে সুখদর্শনের কোনো বিকল্প নেই।