সুখরঞ্জনের সন্ধানে রিট শুনানিতে বিব্রত বিচারপতি
সুখরঞ্জন বালীর সন্ধান জানতে চেয়ে আবেদনের (রিট) ওপর শুনানি গ্রহণে বিব্রত বোধ করেছেন একজন বিচারপতি। সুখরঞ্জন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষী ছিলেন।আজ বৃহস্পতিবার আবেদনটি আবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চে দাখিল করা হয়। একপর্যায়ে একজন বিচারপতি শুনানি গ্রহণে বিব্রত বোধ করেন। ১৩ নভেম্বর হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে তা খারিজ করে দিয়েছিলেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক প্রমুখ। একরামুল হক প্রথম আলো ডটকমকে জানান, বিচারপতি শেখ হাসান আরিফ প্রথমে শুনানি গ্রহণে অপারগতা প্রকাশ করেন। এর আগে একটি বেঞ্চ আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে তা খারিজ করেছেন। ওই বেঞ্চ এখনো বহাল আছে। পরে একপর্যায়ে তিনি বিব্রত বোধ করেন। এখন বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির কাছে যাবে। ৫ নভেম্বর আদালতের ফটক থেকে সুখরঞ্জন বালীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যান বলে সাঈদীর আইনজীবীরা অভিযোগ করেন। এরপর ৭ নভেম্বর সুখরঞ্জনকে ২৪ ঘণ্টার মধ্যে হাইকোর্টে হাজির করার নির্দেশনা চেয়ে আবেদন করেন তাঁর বন্ধু আবুল কালাম আজাদ।