সুখী হওয়ার রহস্য!
জীবনে সুখী হওয়ার জন্য মানুষ কত কিছুই না করে। কিন্তু অনেকেই হয়তো সারা জীবনেও পান না সুখের সন্ধান। আফসোস করতে থাকেন জীবনভর। তবে জীবনে সুখী হওয়া খুব কঠিন কোনো ব্যাপার নয় বলে জানা গেছে ইংল্যান্ডে অনুষ্ঠিত এক জরিপ ফলাফলের মাধ্যমে। ইংল্যান্ডের জাতীয় পরিসংখ্যান কার্যালয় পরিচালিত এই জরিপের দাবি, যেসব ব্যক্তি বিবাহিত, ভালো চাকরি করেন ও যাঁদের নিজস্ব বাড়ি আছে, তাঁরা নিজেদের জীবন নিয়ে বেশি সুখী থাকতে পারেন।বিবাহিত জীবন নিয়ে অনেককেই আক্ষেপ করতে শোনা গেলেও শেষ পর্যন্ত বিবাহিতরাই অপেক্ষাকৃত সুখী জীবনযাপন করেন বলে দাবি এই জরিপের। সুখী জীবনের জন্য সুন্দর স্বাস্থ্যও একটা গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে। তবে সুস্বাস্থ্যের অধিকারী হলেই যে তিনি সুখী হবেন, এমন নিশ্চয়তাও দেওয়া যায় না।যাঁদের ব্যক্তিগত কিছু সম্পত্তি আছে বা নিজের বাড়ি আছে, তাঁরা অন্যদের তুলনায় অনেক সুখী জীবনযাপন করেন। এ রকম ৮০ শতাংশ মানুষ নিজেদের জীবনযাত্রার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সুখী জীবনযাপন করার জন্য কোনো অর্থপূর্ণ কর্মে নিযুক্ত থাকা জরুরি বলে জানা গেছে এই গবেষণা থেকে। ৪০ শতাংশ বেকার তাঁদের জীবনযাত্রার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। চাকরিজীবীদের ক্ষেত্রে এই সংখ্যাটা মাত্র ২০ শতাংশ।সাধারণভাবে কৈশোরে ও কর্মজীবন থেকে অবসর নেওয়ার পরের সময়টাতেই মানুষ সবচেয়ে বেশি সুখী থাকে বলে জানা গেছে এই জরিপের মাধ্যমে। মধ্যবয়সে মানুষের সুখের মাত্রা কিছুটা কমে যায়। শহুরে বা শিল্পোন্নত এলাকার চেয়ে গ্রামীণ এলাকার মানুষ বেশি সুখী জীবনযাপন করে বলেও উল্লেখ করা হয়েছে এই জরিপে। সমাজে নাগরিকদের মানসিক অবস্থা ও ভবিষ্যতে সরকার কী ধরনের পলিসি গ্রহণ করতে পারে, এটা মূল্যায়ন করাই এই জরিপের একটা অন্যতম প্রধান লক্ষ্য। এই প্রকল্পের পরিচালক গ্লেন এভেরেট বলেছেন, ‘মানুষের বস্তুগত পরিসংখ্যান ও মানসিক তথ্য পরীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে একটি দেশের মানুষ কতটা সুখী জীবনযাপন করছে, তার একটা পূর্ণাঙ্গ চিত্র পাওয়া সম্ভব। সুখী হওয়ার ক্ষেত্রে মানুষের দৃষ্টিভঙ্গি সরকারের নীতিনির্ধারণের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’—বিবিসি