সুখের রাজ্যে আত্মহত্যা বেশি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃখ-কষ্ট বেশি পেলেই-না মানুষ নিজের জীবনটা শেষ করার কথা ভাবে। সে হিসাবে দরিদ্র, অনুন্নত দেশের মানুষই বেশি আত্মহত্যা করে—এমনটি ভেবে কেউ সরলীকরণ করতে পারেন। কিন্তু অনেক তত্ত্বতালাশ করে গবেষকেরা বলছেন ভিন্ন কথা। তাঁদের মতে, সুখী-সমৃদ্ধ দেশ ও অঞ্চলের মানুষই নাকি বেশি আত্মহত্যা করে।যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের হ্যামিলটন কলেজের একদল গবেষক ওই গবেষণা করেন। পরে তাঁরা যুক্তরাষ্ট্রের জার্নাল অব ইকোনমিক বিহেভিয়ার অ্যান্ড অর্গানাইজেশন-এ গবেষণার এই তথ্য প্রকাশ করেন। গবেষকেরা জানান, অর্থসম্পদ ও সামাজিক অবস্থাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় ইউরোপের সুখী দেশ সুইডেন ও ডেনমার্ক। কিন্তু ইউরোপের ওই দুই দেশের মানুষই বেশি আত্মহত্যা করে। অপেক্ষাকৃত সুখী রাষ্ট্র কানাডা, যুক্তরাষ্ট্র, আইসল্যান্ড, আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ডের ক্ষেত্রেও এ কথা সত্য।এমনটা কেন হয়? গবেষকেরা যা পেয়েছেন তার মর্মকথা হলো, কোনো একটি অঞ্চলের মানুষ অনেক সুখী। এর মধ্যে যদি কেউ তুলনামূলকভাবে অসুখী হয়, তখন সে নিজেকে অনেক বেশি প্রবঞ্চিত ভাবতে থাকে। অর্থাৎ আশপাশের অন্যদের তুলনায় নিজেকে খুবই অভাগা মনে করে। আর এই পরিস্থিতিতে সে আত্মহত্যা করতে পারে। ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যান্ড্রু ওসওলাড বলেছেন এ কথা।একই কথা ঘুরিয়ে বলেছেন হ্যামিলটন কলেজের গবেষক স্টিফেন উ। তাঁর মতে, চারপাশে সবাই যখন অসুখী, তখন আর মানুষ নিজেকে অতটা অতৃপ্ত মনে করে না। স্টিফেন উ পরক্ষণেই বলেন, ‘তার মানে এই নয় যে অসুখী হলে আপনাকে শুধু অসুখী মানুষের মধ্যেই থাকতে হবে।’গবেষকেরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের প্রায় ২৩ লাখ মানুষের তথ্য সংগ্রহ করেন। এরপর অঞ্চল বা অঙ্গরাজ্যভেদে তাদের ভাগ করা হয়। পরে দেখা যায়, যেসব অঙ্গরাজ্য তুলনামূলকভাবে বেশি সমৃদ্ধশালী, সেখানেই আত্মহত্যার হার বেশি।গবেষণায় দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার মধ্যে সবচেয়ে সুখী ও সমৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে উটাহ। কিন্তু আত্মহত্যার তালিকায় এই অঙ্গরাজ্যের অবস্থান নবম। আবার সুখী মানুষের তালিকায় নিউইয়র্ক ও নিউজার্সির অবস্থান যথাক্রমে ৪৫ ও ৪৭তম। অথচ আত্মহত্যার দিক দিয়ে এই দুই অঙ্গরাজ্য আছে যথাক্রমে ৫০ ও ৪৭তম অবস্থানে।যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুখী ১০টি অঙ্গরাজ্য হলো উটাহ, লুইজিয়ানা, কলোরাডো, মিনেসোটা, ওয়াইয়োমিং, হাওয়াই, অ্যারিজোনা, ডেলাওয়ার, ফ্লোরিডা ও নেভাদা। আত্মহত্যার তালিকার প্রথম ১০টির মধ্যে আছে নেভাদা (তৃতীয়), ওয়াইয়োমিং (পঞ্চম), কলোরাডো (ষষ্ঠ) ও উটাহ (নবম)। এপি, নিউইয়র্ক টাইমস।