সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে গত মঙ্গলবার সন্ধ্যায় চিত্রনায়ক ফারুক মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন ১০ দিনব্যাপী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে এটি ছিল তৃতীয় উৎসব। এ উৎসবের পৃষ্ঠপোষকতা করছে পাবনার ইউনিভার্সাল ফুড লিমিটেড ও রূপকথা প্রেক্ষাগৃহ।দুই পর্বের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ছিল কিংবদন্তি অভিনয়শিল্পী সুচিত্রা সেন ও বাংলা চলচ্চিত্রের একাল-সেকাল নিয়ে আলোচনা পর্ব। পরিষদের সভাপতি এম সাইদুল হকের সভাপতিত্বে এ পর্বে বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, অভিনেতা প্রবীর মিত্র, চিত্রাভিনেত্রী রোজিনা, ইউনিভার্সাল ফুড লিমিটেডের মহাব্যবস্থাপক অচিন্ত কুমার ঘোষ, জাকির হোসেন ও রাম দুলাল ভৌমিক। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সুচিত্রা সেন অভিনীতসাড়ে ৭৪ চলচ্চিত্র প্রদর্শন করা হয়। গতকাল বুধবার উৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শন করা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র গেরিলা। উৎসব ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠান শুরু হবে। দুই পর্বের অনুষ্ঠানে প্রথমে আলোচনা ও পরে চলচ্চিত্র প্রদর্শনী। আজ বৃহস্পতিবার প্রদর্শিত হবে সুচিত্রা সেন অভিনীত আঁধি চলচ্চিত্রটি। এরপর পর্যায়ক্রমে গৃহদাহ, হসপিটাল ও একটি রাত চলচ্চিত্র প্রদর্শন করা হবে।