সুচিত্রা সেনের বাড়ি দখলমুক্ত করতে হাইকোর্টের নির্দেশ
বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় অভিনেত্রী সুচিত্রা সেনের পাবনা সদরের বাড়ি আগামী সাত দিনের মধ্যে দখলমুক্ত করে সরকারি জিম্মায় নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেন। এ ছাড়া বাড়ি রক্ষায় আরও কয়েক দফা নির্দেশনা দিয়ে রুল জারি করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে রাজশাহীর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর থানার ওসিকে বাড়িটি দখলমুক্ত করতে ও দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আগামী ১০ দিনের মধ্যে দাখিল করতেও বলা হয়েছে। এ ছাড়া পাবনায় সুচিত্রা সেনের ওই বাড়িটি রক্ষায় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে বাড়ি রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, ভূমি সচিব, রাজশাহীর ডিআইজি, পাবনার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং পাবনা সদর থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ১৩ জুলাই ‘জামায়াতের কবল থেকে মুক্ত হচ্ছে না সুচিত্রার বাড়ি’ এ সংক্রান্ত একটি প্রতিবেদন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। এ প্রতিবেদন যুক্ত করে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিট আবেদনটি ও শুনানি করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত ওই নির্দেশনাসহ রুল জারি করেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন শুনানি করেন।