সুজান মোবারক সম্পত্তি ফেরত দিতে রাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের স্ত্রী সুজান মোবারক গতকাল সোমবার তাঁর সম্পত্তি রাষ্ট্রকে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়েছে। হোসনি মোবারকের শাসনামলে ফার্স্ট লেডি হিসেবে ক্ষমতার অপব্যবহার করে সুজান মোবারক অবৈধভাবে বিপুল সম্পত্তি অর্জন করেন বলে অভিযোগ রয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ অভিযোগে সুজান মোবারককে ১৫ দিনের জন্য আটক করে। আটকের খবর শুনে সুজান হূদরোগে আক্রান্ত হন। পরে তাঁকে মিসরের পর্যটন নগর শারম আল শেখের একটি হাসপাতালে ভর্তি করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। দেশটির কর্মকর্তারা বলেছেন, কায়রোর উপশহরে সুজান মোবারকের একটি বিলাসবহুল বাড়ি এবং ব্যাংকে প্রায় ত্রিশ লাখ ডলার জমা রয়েছে। গতকাল সোমবার তিনি ওই সম্পত্তি রাষ্ট্রকে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেন।হোসনি মোবারক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের পরিবার প্রায় এক হাজার কোটি ডলার সম্পত্তির মালিক। দুর্নীতি, অবৈধভাবে সম্পত্তি অর্জন ও হত্যার অভিযোগে হোসনি মোবারকও বর্তমানে আটক আছেন।