কাঁচা বা রান্না—যেভাবেই খাওয়া হোক না কেন, ঘরে পেঁয়াজ লাগে প্রতিদিনই। এ জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পেঁয়াজের চাহিদা খুব বেশি। এই চাহিদার বিরাট অংশ পূরণ করছে পাবনার দুই উপজেলা সুজানগর ও সাঁথিয়ার পাঁচ শতাধিক গ্রামে উত্পাদিত পেঁয়াজ। এসব গ্রামের প্রায় ৫৫ হাজার কৃষক পেঁয়াজ চাষের সঙ্গে জড়িত। ১৫ বছর আগেও সুজানগর ও সাঁথিয়ায় পেঁয়াজের আবাদ হতো সীমিত আকারে। বেশির ভাগ জমিতে আবাদ হতো ধান, মসুর, গম, সরিষাসহ নানা ফসল। কৃষকেরা একপর্যায়ে লক্ষ করেন, উন্নত বীজ ও যথাযথ সার প্রয়োগে পেঁয়াজের আবাদে ভালো ফলন হয়। এতে অন্যান্য ফসলের তুলনায় দু-তিনগুণ বেশি আয় হয়। অনেক কৃষক তখন পেঁয়াজ চাষের দিকে ঝুঁকে পড়েন। এভাবে পেঁয়াজ ওই দুই উপজেলার প্রধান ফসলে পরিণত হয়। স্থানীয় ভূমিহীন দিনমজুরও পেঁয়াজ বুনে এখন সচ্ছল।মাটির অবদান: স্থানীয় কৃষি কর্মকর্তা ও কৃষকেরা বলেন, সুজানগর ও সাঁথিয়ার মাটি ও আবহাওয়া পেঁয়াজ চাষের খুব উপযোগী। এলাকার বেশির ভাগ জমি কিছুটা উঁচু হওয়ায় বর্ষার পানি সেখান থেকে দ্রুত যেমন নেমে যায়, তেমনি পৌঁছায়ও দেরিতে। এতে কৃষকেরা পেঁয়াজ চাষে বাড়তি সুবিধা পেয়ে থাকেন।সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হোসেন ও সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেনের তথ্যমতে, সাঁথিয়া ও সুজানগরে এখন দেশের সবচেয়ে বেশি পেঁয়াজ উত্পাদিত হয়। এর মধ্যে সুজানগর দেশের সর্বোচ্চ পেঁয়াজ উত্পাদনকারী উপজেলা। এবার সুজানগর ও সাঁথিয়ায় রেকর্ড পরিমাণ জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে উত্পাদনও হয়েছে রেকর্ড পরিমাণ। সুজানগরের ১১ হাজার ৫০০ হেক্টর জমিতে আবাদ করে পাওয়া গেছে এক লাখ ২৬ হাজার ৫০০ মেট্রিক টন পেঁয়াজ। সাঁথিয়ায় ১০ হাজার হেক্টর জমিতে আবাদ করে পাওয়া গেছে এক লাখ ১০ হাজার মেট্রিক টন।পেঁয়াজপল্লিতে একদিন: সম্প্রতি এক সকালে সুজানগরের দুলাই ইউনিয়নের বামনদি গ্রামে গিয়ে দেখা যায় মানুষের ঘরে ঘরে পেঁয়াজ। আলাদা ঘরে মজুদ করে রাখা হয়েছে মণকে মণ পেঁয়াজ। গ্রামের কৃষকেরা কেউ বস্তায় ভরে পেঁয়াজ বিক্রি করতে যাচ্ছেন, কেউ বা পেঁয়াজ বিক্রির নগদ টাকা নিয়ে ফুরফুরে মেজাজে ফিরছেন।গ্রামটির অবস্থান বিল গাজনার পারে। বিলের বুকজুড়ে অবস্থিত এই গ্রামের বিশাল ফসলের মাঠ বর্ষায় ডোবে, আর বর্ষা শেষে জেগে ওঠে। তখন ফসলের জমিতে বিছিয়ে থাকে উর্বর পলিমাটির স্তর। গ্রামবাসী মনে করে, এই গ্রামের ফসলের মাঠটিই দেশের বৃহত্তম পেঁয়াজ চাষের মাঠ। এই মাঠে বিঘাপ্রতি ৪০-৫০ মণ পেঁয়াজ উত্পাদিত হয়ে থাকে বলে কৃষকেরা জানান।গ্রামের বাসিন্দা ও বামুনদি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, ‘১৫ বছর আগেও এই গ্রামের বেশির ভাগ মানুষ ছিলেন দিনমজুর বা কৃষিশ্রমিক। এখন গ্রামে একজন দিনমজুরও নেই। পেঁয়াজ চাষের মাধ্যমে সবাই সচ্ছল। গ্রামের একজন দরিদ্র কৃষকের বাড়িতেও এখন অন্তত ১০০ মণ পেঁয়াজ পাওয়া যাবে।’গ্রামের জামাল হোসেন (৩৮) জানান, আগে অন্যের জমিতে মজুরের কাজ করতেন। বছর ছয়েক আগে দুই বিঘা জমি এক বছরের জন্য ইজারা নিয়ে পেঁয়াজের আবাদ করেন। ওই বছর খরচ বাদে তাঁর ৪০ হাজার টাকা লাভ হয়। পরের বছর আরও বেশি জমি ইজারা নিয়ে পেঁয়াজের চাষ করে লাভ করেন প্রায় দেড় লাখ টাকা। এখন তিনি সচ্ছল।পেঁয়াজ চাষে দিনবদল: সাঁথিয়ার চরভদ্রকোলা গ্রামের আবদুল হাকিম বছর পাঁচেক আগে দিনমজুর ছিলেন। নিজের জমি ছিল না, অন্যের জমি বর্গা নিয়ে পেঁয়াজ চাষে হাত দেন তিনি। প্রথমবারেই সফল হন হাকিম। সেই থেকে পেঁয়াজের চাষ করে আসছেন তিনি। এখন দুই বিঘা জমি হয়েছে নিজের। হাকিমের মতো সুজানগর ও সাঁথিয়ার অনেক ভূমিহীন কৃষক পেঁয়াজের চাষ করে দিন বদলেছেন। মধ্যবিত্ত ও অবস্থাপন্ন কৃষকদের অবস্থা হয়েছে আরও রমরমা। চরভদ্রকোলা গ্রামের হেলালউদ্দিন জানান, ১০ বছর আগে তাঁর দুই বিঘা জমিতে ধানসহ অন্যান্য ফসলের আবাদ হতো। পেঁয়াজে হাত দিয়ে কাঙ্ক্ষিত সাফল্য আসার পর এখন নয় বিঘা জমিতে পেঁয়াজের চাষ করছেন তিনি।সুজানগরের রাণীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৌফিক হাসান বলেন, ‘১৫ বছর আগে আমার ইউনিয়নে উন্নতমানের কোনো বাড়িঘর ছিল না। এখন প্রতিটি গ্রামেই দেখতে পাবেন আধা পাকা বা টিনের বড় বড় ঘর। পেঁয়াজ চাষের টাকায় এসব ঘর তৈরি হয়েছে।’ঝাঁজ ছড়ায় সারা দেশে: দুই উপজেলার করমজা, কাশীনাথপুর, বনগ্রাম—এসব স্থানে গড়ে উঠেছে দেশের অন্যতম বড় পেঁয়াজ বেচাকেনার হাট। হাটবারে এসব হাট থেকে হাজার হাজার মণ পেঁয়াজ কিনে পাইকারেরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান। পেঁয়াজের মৌসুমে সাঁথিয়ার বনগ্রাম হাটটি হাটবারে পেঁয়াজের সমুদ্রে পরিণত হয়। পাইকারেরা এখান থেকে ২৫ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ রাজধানীতে নিয়ে যান। এই হাটে রয়েছে অর্ধশতাধিক পেঁয়াজের আড়ত। বনগ্রাম হাটে ঢাকার পেঁয়াজ ব্যবসায়ী আবদুল মালেকের সঙ্গে কথা হয়। তিনি বলেন, পেঁয়াজ কেনার প্রয়োজন হলে ব্যবসায়ীরা সাঁথিয়ার বনগ্রাম, করমজা ও কাশীনাথপুর হাটে ছুটে আসেন। এর মধ্যে বনগ্রাম হাটের মতো পেঁয়াজের এত আমদানি আর কোথাও দেখা যায় না।সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, পেঁয়াজ চাষে এই উপজেলাই এখন দেশের সেরা। উপজেলার চাষিরা পেঁয়াজ উত্পাদনে রেকর্ড সৃষ্টি করে নিজেদের শুধু অর্থনৈতিকভাবে সমৃদ্ধই করেননি, স্থাপন করেছেন অনুকরণীয় দৃষ্টান্ত।সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হোসেন বলেন, এই উপজেলায় কৃষকেরা পেঁয়াজ চাষে যেভাবে আগ্রহী হয়ে উঠেছেন, এটিকে ‘পেঁয়াজের বিপ্লব’ বলা যায়। ব্যাপক লাভের মুখ দেখে কৃষকেরা এখন বিলের নিচ পর্যন্ত গিয়েও পেঁয়াজের আবাদ করছেন। আগে এসব জমিতে কিছুই আবাদ হতো না।