স্বাধীনতার ৪০ বছরকে স্মরণীয় রাখতে তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে এবারও অনুষ্ঠিত হবে বিজয় মেলা। এবারের বিজয় মেলার শিরোনাম দেওয়া হয়েছে ‘রবি-চ্যানেল আই বিজয় মেলা ২০১১’। প্রতিবারের মতো এবারও বিজয় মেলায় থাকবে বৈচিত্র্যময় ও জাঁকজমকপূর্ণ নানা আয়োজন। চ্যানেল আই বিজয় মেলা ২০১১-এ আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যামকে। রবি-চ্যানেল আই বিজয় মেলা ২০১১ উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে আজ বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রবির সিএফও মাহতাব উদ্দিন আহমেদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং আজীবন সম্মাননায় ভূষিত সুজেয় শ্যাম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও ফুটবল দলের সদস্যরা।সংবাদ সম্মেলনে স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে চ্যানেল আই নির্মিত একটি গানের ভিডিওচিত্র দেখানো হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর। সুজেয় শ্যাম বলেন, ‘আমাকে সম্মানিত করায় দুটি প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই। আমি মনে করি, আমার মাধ্যমে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সমস্ত শিল্পী সম্মানিত হয়েছে।’ সংবাদ সম্মেলনে জানানো হয় স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে ১৬ ডিসেম্বরের সকালে ৪০টি শান্তির প্রতীক কবুতর উড়িয়ে জাঁকজমকপূর্ণ এ মেলার উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শিল্পী-কলাকুশলী, নারী মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা, দেশের বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদকেরা, আইনজীবী, দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চিত্রশিল্পীরা, সংগীতশিল্পী-সাহিত্যিক, আবৃত্তিশিল্পী, লেখক ও দেশের সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রযোজনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।সংবাদ সম্মেলনে আরও জানানো হয় মেলায় ৭ বীরশ্রেষ্ঠের নামে সাতটি স্মারক স্তম্ভ এবং ১১ সেক্টরের স্মরণে ১১টি স্থান নির্দিষ্ট থাকবে। মুক্তিযুদ্ধের গ্রন্থমালা, মুক্তিযুদ্ধ জাদুঘর, মুক্তিযুদ্ধের আলোকচিত্র, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ প্রতিদিন। স্টল ছাড়াও থাকবে কুটিরশিল্প ও দেশীয় পণ্যের আরও বেশ কিছু স্টল।জানা গেছে, মেলায় মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিচারণা ছাড়াও মেলায় সংগীত পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও দেশবরেণ্য সংগীতশিল্পীরা। আবৃত্তিশিল্পীদের কণ্ঠে থাকবে আবৃত্তি। এ ছাড়া থাকবে জনপ্রিয় নৃত্যশিল্পীদের পরিবেশনায় নৃত্য।চ্যানেল আই ভবন চত্বরের দুটি মঞ্চ থেকে বিজয় মেলার অনুষ্ঠান সরাসরি দেখানো হবে। মেলা চলবে বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত।