সুতপার মৃত্যুর ঘটনা দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী মাফরুদা হক সুতপার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তাঁর পরিবারের সদস্য ও সহপাঠীরা। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তাঁরা এ দাবি জানান।বিকেল চারটার দিকে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন শুরু হয়। এতে সুতপার বাবা জাহিদুল হক, মা লায়লা জাহিদ, ভাই আমিনুল হক, বোন আয়েশা সিদ্দিকাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।মানববন্ধনে পরিবারের সদস্যরা বলেন, সুতপার মৃত্যুর ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। এই অপচেষ্টা প্রতিরোধ করে সঠিক বিচার যেন নিশ্চিত হয়। সুতপার বড় বোন আয়শা সিদ্দিকা বলেন, সুতপা আত্মহত্যা করার মতো মেয়ে নয়। তাঁকে হত্যা করা হয়েছে। সুতপাকে যে নির্যাতন করা হয়েছে, এর অনেক প্রমাণ আছে।প্রসঙ্গত, ২০০৯ সালের ১৯ সেপ্টেম্বর মিরপুরে শ্বশুরবাড়িতে মারা যান সুতপা। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা হয়। পুলিশ তাঁর স্বামী ব্যাংক কর্মকর্তা ইমরুল সাদাত আটক করে পুলিশ। বর্তমানে মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।