সুতা আমদানির সিদ্ধান্ত, তাঁতিদের ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁতিদের দাবির মুখে অবশেষে বেনাপোল বন্দর দিয়ে সুতা আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল শুক্রবার রাতে সরকারের এই সিদ্ধান্তের কথা জানার পর তাঁত ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি ও নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।সরকারের এই সিদ্ধান্তের কথা জানার পর নরসিংদী অঞ্চলের তাঁতমালিক ও শ্রমিকেরা রাতেই মাধবদী অঞ্চলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে জরুরি সভা করেন। সভায় স্থানীয় সাংসদ নজরুল ইসলাম সরকারি সিদ্ধান্তের বিষয়টি তাঁতিদের নিশ্চিত করেন। এরপর অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় করে আজ শনিবার থেকে তাঁত ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।লোকমান হোসেন প্রথম আলোকে জানান, ‘দেরিতে হলেও সরকার তাঁতিদের সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে। আমাদের বিশ্বাস, বেনাপোল বন্দর দিয়ে সুতা আমদানি হলে সুতার দাম কমে আসবে। আর তখন তাঁতিরা কাপড় উৎপাদন করে লাভের মুখ দেখতে পারবেন। এই কারণে আমরা আজ সারা দেশে চলমান তাঁত ধর্মঘট প্রত্যাহার করে নিলাম।’সিরাজগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, বেনাপোল সীমান্ত খুলে দেওয়া হয়েছে—এমন সিদ্ধান্তের খবর সিরাজগঞ্জে পৌঁছানো মাত্র তাঁতমালিক-শ্রমিকদের মধ্যে আনন্দের বন্যা বইতে শুরু করেছে। আজ শনিবার তামাই এলাকার তাঁতমালিক-শ্রমিকেরা একজোট হয়ে বিজয় মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন।ইউএনবি জানায়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বেনাপোল স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বিষয়ে গতকাল শুক্রবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৮২/১, ১০০/১, ১০০/২ ও ১২০/১—এই চার কাউন্টের সুতা আমদানি করা যাবে। এনবিআর সূত্র বলছে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দেশের সুতাকল মালিকেরা অবশ্য বেনাপোল দিয়ে সুতা আমদানির বিরোধিতা করে আসছেন। তাঁদের মতে, বেনাপোল দিয়ে সুতা আমদানি শুরু হলে বস্ত্র খাতে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় অবশ্য বলেছে, বেনাপোল দিয়ে সুতা আমদানির ব্যবস্থা করা হলে দেশের তাঁতিরা কম দামে সুতা কিনতে পারবেন। সুতাকলের মালিকেরা আশঙ্কা করছেন, তাঁরা ভারতীয় সুতার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারবেন না। স্থানীয় বাজারে তাঁরা উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন না। তাঁরা আরও অভিযোগ করেন, দেশে পর্যাপ্ত সুতা থাকা সত্ত্বেও স্থানীয় কিছু নেতা নিজেদের স্বার্থে সুতা আমদানির ব্যাপারে উৎসাহী হয়ে পড়েছেন।দেশে বর্তমানে ২০০টি সুতাকল আছে। এতে কাজ করছেন প্রায় দুই লাখ শ্রমিক। এ খাতে বিনিয়োগের পরিমাণ ১০ হাজার কোটি টাকা।