সুতানারা খালের ব্রিজ ভেঙে কষ্টে পথচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে সুতানারা খালের সেতু ভেঙে পড়ায় পথচারীদের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগী, কৃষক ও এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের। সরেজমিনে দেখা যায়, চিকাশী ইউনিয়নের জোড়শিমুল বাজার থেকে গোশাইবাড়ি বাজারে যেতে চার কিলোমিটার কাঁচা রাস্তা পেরোতে হয়। প্রতিদিন এই রাস্তায় হাজার হাজার পথচারী ও ভ্যান-রিকশা চলাচল করে। কৃষি ফসল উত্পাদনকারী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাঁদের পণ্য প্রতিদিন এ দুটি বাজারে বিক্রি করতে আনা-নেওয়া করেন। ১৯৮৮ সালের বন্যায় এ দুটি বাজারের মধ্যবর্তী সুতানারা খালের ওপরের সেতুটির নিচ থেকে মাটি সরে ক্ষতিগ্রস্ত হয়। তখন থেকে স্থানীয় লোকজন সেখানে একটি বাঁশের সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। ২২ বছর পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত সেতুটির সংস্কার করা হয়নি।সুতানারা গ্রামের আলতাব হোসেন বলেন, ‘হামাংগোরে খোঁজখবর কেডা নেয়। ভোটোত যারা দাঁড়ায় তারা তখন ব্রিজ ভালো করে দেবার কথা কইয়া ভোটটা নেয়। পরে তাগোরে কাছে গেলে পাত্তাই পাওন যায় না।’ একই গ্রামের মোহাম্মদ আলী বলেন, ‘ইংকা ভাঙা পুল আর কুনটি দেখি নাই। হামাংগোরে এলাকার চেয়ারম্যান-মেম্বারদের খুঁজিই পাওন যায় না।’ভ্যানচালক আব্দুর রশিদ বলেন, ‘ভ্যান নিয়া বাঁশের সাঁকো পার হওনের সময় মনে হয় কখন যেন ব্রিজখান ভাইঙা মাথার ওপরে পড়ে। ভয়ে তড়িঘড়ি করে পার হওন লাগে।’ চিকাশী ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম শামচ্ছুজ্জোহা বেলাল জানান, জোড়শিমুল বাজার হতে গোশাইবাড়ী এই রাস্তাটি জনগুরুত্বপূর্ণ। রাস্তাটির মাঝখানের সুতানারা খালের সেতুটি অনেক দিন আগে ভেঙে গেছে। ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি অনেকবার রাস্তা ও ব্রিজের বিষয়ে উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় আলোচনা করেছি। আমার পরিষদ যে বরাদ্দ পায় তা দিয়ে সেখানকার কাজ সম্পন্ন করা সম্ভব হয় না। উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলী আব্দুর রহিম বলেন, সুতানারা রাস্তার ক্ষতিগ্রস্ত ব্রিজটি আমি দেখেছি। ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। খুব তাড়াতাড়ি কাজটি করতে পারব বলে আমি আশা করছি।