সুতার দাম কমাতে সাত দিন সময় দিলেন তাঁত-মালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুতার দাম কমিয়ে দেশের বিকাশমান তাঁতশিল্প রক্ষার দাবিতে নরসিংদীর তাঁতকলের মালিক ও শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। আন্দোলন কর্মসূচির প্রথম দিনে গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার মাধবদীর বটতলা চত্বরে গণসমাবেশে মিলিত হন তাঁরা। সমাবেশ থেকে সুতার দাম কমানোর জন্য সরকারকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এর ব্যতিক্রম হলে, দেশের যে তাঁতকলগুলো এখনো চালু আছে, সেগুলোর উৎপাদনও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।সকাল ১০টায় সমাবেশ শুরুর আগে জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে যোগ দেন তাঁতের মালিক ও শ্রমিকেরা। ‘সুতার দাম কমাও, তাঁতশিল্প বাঁচাও’, ‘লুটেরা সিন্ডিকেট চক্র ভেঙে দাও’ স্লোগানে সমাবেশস্থল মুখর হয়ে ওঠে।বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশন, মাধবদীর আঞ্চলিক পর্ষদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট ও নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন। সমাবেশে পাশের নারায়ণগঞ্জের তাঁতিরাও অংশ নেন। যোগ দেন সংগঠনের পাবনা ও সিরাজগঞ্জের নেতারা। সমাবেশে প্রায় ১৫ হাজার তাঁতমালিক ও শ্রমিক যোগ দেন বলে সংগঠনের নেতারা দাবি করেন। দুপুর একটায় এ সমাবেশ শেষ হয়। সংগঠনের মাধবদী আঞ্চলিক শাখার ব্যবস্থাপনায় আয়োজিত সমাবেশে লোকমান হোসেন বলেন, তাঁতিদের আজ বড় দুর্দিন। দিন শেষে দেশবাসীকে তাঁতকল বন্ধের খবর জানাতে হয়। এ সরকারের আমলে তাঁতিদের ভালো থাকার কথা ছিল। কিন্তু তাঁরা ভালো নেই। কারণ, এখনো সরকার সিন্ডিকেটচক্রের ভুল তথ্যের ওপর ভিত্তি করে বেনাপোল বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করে রেখেছে। তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে সুতার দাম না কমালে এবং বেনাপোল বন্দর খুলে না দিলে, এখনো বন্ধ হয়নি এমন তাঁতকলের উৎপাদন বন্ধ করে দেওয়া হবে। বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মো. শওকত আলী বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে দুই টাকার পণ্য কিনলেও পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা থাকে। কিন্তু সুতার বেলায় তা প্রযোজ্য হয় না। এ কারণে সুতার ব্যবসায়ীরা দিনে তিন দফা দাম বাড়ালেও কেউ কিছু বলতে পারে না।’সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান বলেন, ‘তাঁতকলের মালিকের সংখ্যা লাখ লাখ। আর স্পিনিং মিলের মালিক হলেন হাতেগোনা। অবস্থা এমন হয়েছে, তাঁরা চাইলে আমরা বাঁচব, না চাইলে মরব। কিন্তু আমরা তাঁদের হাতের ক্রীড়নক হতে চাই না। দেশের লাখ লাখ তাঁতকলের মালিক আর কয়েক লাখ শ্রমিকের ঘুম হারাম করে সরকার কোনোভাবেই সুবিধা করতে পারবে না।’ তাঁতশিল্পের বর্তমান সমস্যার কথা তুলে ধরে গত ১৮ এপ্রিল সংবাদ প্রকাশ করায় সংগঠনের মাধবদী আঞ্চলিক পর্ষদের সভাপতি আনোয়ার হোসেন প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ফরহাদ হোসেন, সদর উপজেলার নূরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদেকুর রহমান, সাবেক চেয়ারম্যান আবু সালেহ চৌধুরী, কাঁঠালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, মাধবদীর পৌর কাউন্সিলর মিজানুর রহমান, মকবুল হোসেন, তাঁতকলের মালিক মফিজুল ইসলাম, ইলিয়াস মিয়া, সফিকুল ইসলাম, হাসান আলী, তমিজ উদ্দিন মিয়া, আলাউদ্দিন আহমেদ, কফিল উদ্দিন আহমেদ, গৌতম দাস প্রমুখ।